আবার কি ছোটপর্দায় ফিরছেন রত্না ঘোষাল? ছবি: সংগৃহীত।
অনেক দিন আগে আনন্দবাজার ডট কম-কে অভিনেত্রী রত্না ঘোষাল জানিয়েছিলেন, তিনি আর ছোটপর্দায় অভিনয় করতে চান না। বছর ঘুরতে না ঘুরতেই টেলিপাড়ার অন্দরের গুঞ্জন, এর মধ্যেই ধারাবাহিকে ফিরছেন প্রবীণ অভিনেত্রী। সত্যিই কি তা-ই? তা হলে রত্না কি তাঁর মত পরিবর্তন করলেন?
আনন্দবাজার ডট কম-এর তরফে যোগাযোগা করা হয় অভিনেত্রীর সঙ্গে। তিনি সাফ জানিয়েছেন, ভুল তথ্য প্রচার করা হচ্ছে। তিনি বলেন, “আমি আর ধারাবাহিকে অভিনয় করতে চাই না। এই সিদ্ধান্ত অনেক দিন আগেই নিয়ে ফেলেছি। ভাল ছবি যদি আসে, নিশ্চয়ই রাজি হব।”
এই মুহূর্তে বছরের বেশি সময়টাই গ্যাংটক, কালিম্পঙে কাটান রত্না। তাঁর স্বামী কর্মসূত্রে পাহাড়ে থাকেন। তিনিও পাহাড়ে সময় কাটাতে ভালবাসেন। তাই কিছু দিন আগেও গ্যাংটকে ছিলেন অভিনেত্রী। জানালেন, স্বামীর কর্মসূত্রেই কালিম্পঙের একটি স্কুলের সঙ্গে যোগাযোগ হয়েছে তাঁর। স্কুল কর্তৃপক্ষ তাঁকে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাটক শেখানোর জন্য বলেছেন। তাতে তিনিও খুব খুশি হয়েছেন। উপভোগ করছেন পুরো প্রক্রিয়াটা। তাই অভিনেত্রী মনে করেন, তিনি পাহাড়েই ভাল আছেন। কলকাতায় আসেন কয়েক মাসের জন্য। বন্ধুদের সঙ্গে দেখা করেন। এই ফাঁকে ভাল ছবির কাজ পেলে অভিনয় করতে আগ্রহী রত্না। কিন্তু কোনও ভাবেই ধারাবাহিকে কাজ করতে চান না।