Drishyam 3 Update

‘দৃশ্যম ৩’ ছবিতে অক্ষয় খন্নার পরিবর্তে প্রকাশ রাজ? নিজেই খোলসা করলেন দক্ষিণী অভিনেতা

‘ধুরন্ধর’-এর বিপুল সাফল্যের পরে ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজ়ি থেকে সরে দাঁড়ান অক্ষয়। তা নিয়ে জলঘোলা কম হয়নি। এ বার এই সফল ফ্র্যাঞ্চাইজ়িতে যোগ দিলেন প্রকাশ। কোন চরিত্রে দেখা যাবে তাঁকে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪৬
Share:

অক্ষয়ের পরিবর্তে প্রকাশ? ছবি: সংগৃহীত।

দিনকয়েক ধরে শিরোনামে অভিনেতা প্রকাশ রাজ। সম্প্রতি শোনা গিয়েছে, সৃজনশীল বিরোধিতার জন্য সন্দীপ রেড্ডী বাঙ্গার বহুল আলোচিত ‘স্পিরিট’ ছবি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। যদিও তিনি নিজে সেই জল্পনা উড়িয়ে দিয়ে জানান যে, ওই ছবির কোনও কাজ শুরুই করেননি তিনি। তবে তিনি ‘দৃশ্যম ৩’ ছবিতে সই করেছেন। অক্ষয় খন্নার বদলে তাঁকে দেখা যাবে নাকি?

Advertisement

‘ধুরন্ধর’-এর বিপুল সাফল্যের পরে ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজ়ি থেকে সরে দাঁড়ান অক্ষয়। তা নিয়ে জলঘোলা কম হয়নি। এ বার এই সফল ফ্র্যাঞ্চাইজ়িতে যোগ দিলেন প্রকাশ। তবে কোনও বিতর্ক শুরুর আগে নিজেই খোলসা করলেন, কারও পরিবর্তে তিনি আসেননি। সমাজমাধ্যমে প্রকাশ লেখেন, “আকর্ষণীয় হিন্দি ফ্র্যা়ঞ্চাইজ়ি ‘দৃশ্যম ৩’-এর জন্য শুটিং শুরু করলাম। কী দারুণ টিম এবং দুর্ধর্ষ চরিত্র! আমি নিশ্চিত যে আপনাদের পছন্দ হবে। এবং হ্যাঁ, আমি কারও বদলে আসিনি…।” তবে নিজের চরিত্র সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানাননি প্রকাশ।

প্রসঙ্গত, ‘দৃশ্যম ৩’ ছবি থেকে অক্ষয় নিজেকে সরিয়ে নেওয়ার পরে তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ছবির প্রযোজক মঙ্গত পাঠক। তাঁর কথায়, একাধিক বার দরাদরির পরে নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিকে অক্ষয় চুক্তি স্বাক্ষর করেন। অভিযোগ, ‘ধুরন্ধর’-এর সাফল্যের পরেই নাকি রাতারাতি সেই পারিশ্রমিক বাড়িয়ে ২১ কোটি টাকা দাবি করেন অক্ষয়। তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেন প্রযোজক। এখানেই শেষ নয়। শোনা যায়, পরচুলা পরারও দাবি করেন তিনি। প্রযোজকের দাবি, ‘দৃশ্যম ২’-এর গল্প যে রাতে শেষ হয়েছিল, সেই রাত থেকেই ‘দৃশ্যম ৩’-এর গল্পের শুরু। ফলে আচমকা অক্ষয়ের মাথায় পরচুলা কোনও ভাবেই গল্পের সঙ্গে মানাবে না। পরিচালক অভিষেক পাঠকের অভিযোগ, ২০২৫ সালের নভেম্বরে চুক্তি সই করেন অক্ষয়, কিন্তু শুটিং শুরুর মাত্র ৫ দিন আগে তিনি ছবি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এত কিছু সত্ত্বেও, ‘দৃশ্যম ৩’-এর শুটিং চলছে নিজস্ব গতিতে। অজয় দেবগন অভিনীত ছবিতে দেখা মিলবে জয়দীপ অহলওয়াতের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement