‘ধুরন্ধর’ অপছন্দ স্বরার মায়ের? ছবি: সংগৃহীত।
বক্সঅফিসে আলোড়ন ফেলেছে ‘ধুরন্ধর’। দর্শক অধীর আগ্রহে ‘ধুরন্ধর ২’-এর মুক্তির অপেক্ষায়। এর মধ্যেই আদিত্য ধরের ছবি নিয়ে ক্ষোভ উগরে দিলেন স্বরা ভাস্করের মা ইরা ভাস্কর। তাঁর মতে ‘ধুরন্ধর’ ছবি হিসাবে ভাল এবং আদিত্যও ভাল পরিচালক। কিন্তু ছবির আদর্শ ও বার্তা তাঁর পছন্দ হয়নি।
ইরা নিজেও চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করেছেন। তাঁর দাবি, এই ছবিতে ভিন্ধর্মীদের হিংস্র মানুষ হিসাবে দেখানো হয়েছে। ইরা বলেন, “আমি উদাহরণ হিসাবে ‘ধুরন্ধর’ ছবিটির কথা বলি। ছবিটি বক্সঅফিসে কোটি কোটি টাকা আয় করছে। এই ছবি এমন একজন নির্মাতা বানিয়েছেন, যিনি হিন্দুত্বের আদর্শে বিশ্বাস করেন।”
ছবিতে হিংসার দৃশ্য নিয়েও মতামত প্রকাশ করেছেন স্বরার মা। তাঁর কথায়, “ছবিতে খুবই হিংসা দেখানো হয়েছে। এমন একটি আদর্শ দেখানো হয়েছে, যেখানে বিশেষ সম্প্রদায়ের মানুষকে বেশি হিংস্র হিসাবে দেখানো হয়েছে। ছবিতে ওই বিশেষ ধর্মের সবাই হয় সন্ত্রাসাবাদী, নয় তো গ্যাংস্টার।”
এ ধরনের ছবি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি বলা হলেও, নির্দিষ্ট কিছু ঘটনাকেই কেবল বাস্তবিক ভাবে তুলে ধরা হয় বলে দাবি তাঁর। স্বরার মা বলেছেন, “এটা নাকি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত একটি কাহিনি। কিন্তু সব সময়ই বেছে বেছে নির্দিষ্ট কিছু ঘটনা দেখানো হয়, যাতে সেই নির্দিষ্ট আদর্শকে সমর্থন করা যায়।” ছবির আদর্শ পছন্দ না হলেও, নির্মাতা হিসাবে আদিত্যের পরিচালনার প্রশংসা করেছেন তিনি।
উল্লেখ্য, গত বছর মুক্তি পেয়েছিল ‘ধুরন্ধর’। বর্তমানে ওটিটি-তে রমরমিয়ে চলছে এই ছবি। আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ধুরন্ধর ২’