OTT release

নানা পটেকরের ‘সংকল্প’ থেকে সৃজিতের ‘লহ গৌরাঙ্গের নাম রে’! ওটিটি-তে নজর কাড়বে কারা?

প্রতি সপ্তাহেই থ্রিলার থেকে শুরু করে কমেডি, সব রকমের স্বাদই থাকে এই ওটিটি মঞ্চে। আসন্ন কয়েক দিনে কোন কোন ছবি বা সিরিজ় দেখবেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ১০:০১
Share:

এই সপ্তাহে ওটিটি-তে কী কী? ছবি: সংগৃহীত।

মার্চ মাস মানেই কাজের মাস। প্রায় সমস্ত উৎসবও শেষ হয়ে গিয়েছে। তাই এর মধ্যে প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখার সময় বার করতে ফের সমস্যা। অগত্যা ওটিটি-ই সহায়। মুঠোফোনে ছবি ও ওয়েব সিরিজ়ের অভাব নেই। প্রতি সপ্তাহেই থ্রিলার থেকে শুরু করে কমেডি, সব রকমের স্বাদই রয়েছে এই ওটিটি মঞ্চে। আসন্ন কয়েক দিনে কোন কোন ছবি বা সিরিজ় দেখবেন?

Advertisement

১) অ্যাসপির‌্যান্ট্‌স (সিজ়ন ৩): অভিলাষ, গুরি ও এসকে— এই তিন জনের রসায়ন পছন্দ করেছেন দর্শক। তারাই আবার ফিরছে তৃতীয় সিজ়নে। তিন জনের উচ্চাকাঙ্ক্ষা কোন জায়গায় পৌঁছোয়, তা ঘিরেই এই সিজ়ন। দীপেশ সুমিত্র জগদীশের পরিচালিত এই সিরিজ়ে অভিনয় করছেন নবীন কস্তুরিয়া, সানি হিন্দুজা, অভিলাষ থাপিয়াল, নমিতা দুবে। অ্যামাজ়ন প্রাইম ভিডিয়োয় এই সিরিজ় ১৩ মার্চ মুক্তি পাচ্ছে।

২) সংকল্প: থ্রিলার নিয়ে বরাবরই দর্শকের আগ্রহ তুঙ্গে থাকে। প্রকাশ ঝা পরিচালিত এই ওয়েব সিরিজ় নিয়েও ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে। ছবির কাস্টও নজরকাড়া। নানা পটেকর, সঞ্জয় কপূর, জ়িশান আয়ুব, নীরজ কবি ও কুবরা সেট অভিনয় করেছেন এই সিরিজ়ে। আমাজ়ন এমএক্স প্লেয়ারে ১১ মার্চ থেকে দেখা যাবে এই ওয়েব সিরিজ়।

Advertisement

৩) লহ গৌরাঙ্গের নাম রে: প্রেক্ষাগৃহে গিয়ে এই ছবি যাঁরা দেখতে পারেননি, তাঁরা অনায়াসেই এ বার হইচই-তে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি দেখতে পারবেন। শুভশ্রী গঙ্গোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, ইশা সাহা, দিব্যজ্যোতি দত্তের এই ছবি দেখা যাবে ১৩ মার্চ থেকে।

৪) দ্য তাজ স্টোরি: গত বছর ৩১ অক্টোবর মুক্তি পেয়েছিল এই ছবি। এই ছবিকে ‘প্রোপাগান্ডা’ তকমাও দেওয়া হয়েছিল। তুষার অমরিশ গোয়েল পরিচালিত এই কোর্টরুম ড্রামা-র কেন্দ্রে রয়েছে তাজমহল। তাজমহলে সূচনা ও উৎস নিয়ে তর্কবিতর্ক উঠে এসেছে এই ছবিতে। পরেশ রাওয়াল অভিনীত এই ছবি লায়নস্‌গেট-এ ১১ মার্চ থেকে এই ছবি দেখা যাবে।

৫) স্কারপেটা: নিকোল কিডম্যান অভিনীত সিরিজ় নিয়ে বহু দিন ধরেই দর্শকের কৌতূহল তুঙ্গে। এক সিরিয়াল কিলারের রহস্যভেদকে কেন্দ্র করে এই সিরিজ়ের গল্প। নিউ ইয়র্ক, লাস ভেগাস ও ইস্তানবুলের বেশ কিছু জায়গায় এই সিরিজ়ের শুটিং হয়েছে। অ্যামাজ়ন প্রাইমে ১১ মার্চ থেকে দেখা যাবে এই সিরিজ়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement