ফের বিয়ে করলেন উর্মিলা মাতোন্ডকরের প্রাক্তন স্বামী মহসিন আখতার। ছবি: সংগৃহীত।
বছরদুয়েক আগে অভিনেত্রী ঊর্মিলা মাতোন্ডকর তাঁর থেকে ১০ বছরের ছোট স্বামী মহসিন আখতার মীরের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদ চেয়ে মামলা করেন। ২০১৬ সালে মহসিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঊর্মিলা। একে ভিন্ধর্মে বিয়ে, তার উপর মহসিনের থেকে প্রায় ১০ বছরের বড় অভিনেত্রী। ফলে, এই বিবাহ ঘিরে খানিকটা চাপানউতর ছিলই। তাই খুবই ব্যক্তিগত পরিসরে বিয়ে সেরেছিলেন অভিনেত্রী। আট বছরের মাথায় বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। বিচ্ছেদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে ঊর্মিলার। এ বার ফের বিয়ে করলেন ঊর্মিলার প্রাক্তন স্বামী মহসিন।
নিধা ভট্টের সঙ্গে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন মহসিন। বলিউডের নামী অভিনেত্রী ঊর্মিলাকে বিয়ে করে কাশ্মীরের এই ফল ব্যবসায়ী রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন। এ বার তিনি যাঁর সঙ্গে বিয়ের বাঁধনে আবদ্ধ হলেন, তিনি নাকি প্রচারবিমুখ মানুষ। তিনি নাকি সমাজমাধ্যমেও সক্রিয় নন। বিয়ের শেষে বর্তমান স্ত্রী নিধার সঙ্গে আবেগঘন মুহূর্ত ভাগ করে নেন মহসিন। তিনি লেখেন, ‘‘সৎ উদ্দেশ্য, ভালবাসায় পরিপূর্ণ একটি স্বচ্ছ্ব মন। আত্মাকে পবিত্র রাখুন আর নিজের উপর বিশ্বাস হারাবেন না। কারণ আল্লার পরিকল্পনাই সর্বোত্তম। উনি আমার জীবনে সঠিক সময়ে নিধাকে স্ত্রী হিসাবে উপহার দিয়েছেন। নিধা, তুমি আমার জীবনকে আলোকিত করলে। ধন্যবাদ, আমার ভালবাসা।’
নিধাকে জীবনে পেয়ে তিনি আপ্লুত। একই সঙ্গে মহসিন ‘মৌজি’ অর্থাৎ মায়ের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে লিখেছেন, “পৃথিবীর অন্য প্রান্ত থেকে আমার খেয়াল রাখার জন্য তোমাকেও ধন্যবাদ মৌজি। আমি জানি, তোমার আশীর্বাদ এবং ভালবাসার কারণে এই সুখ আমার জীবনে এসেছে। আমি জানি, আজ তুমিও খুব খুশি। তোমার মন শান্ত হয়েছে। খুব মিস করি তোমাকে। আমাদের জন্য প্রার্থনা কোরো।’’
নতুন স্ত্রীকে আংটি পরাচ্ছেন মহসিন।
ঊর্মিলার প্রাক্তন স্বামী মহসিন কাশ্মীরের সূচিশিল্পের সঙ্গে জড়িত। যদিও তাঁরও নাকি স্বপ্ন ছিল মুম্বইয়ের চলচ্চিত্রজগতের সঙ্গে যুক্ত হওয়ার। মাত্র ২১ বছর বয়সেই তাই তিনি কাশ্মীর থেকে মুম্বই চলে আসেন। ২০০৭ সালে সৌন্দর্য প্রতিযোগিতায় যোগ দেন। সেই প্রতিযোগিতায় তৃতীয় স্থানও পান মহসিন। একটি বিজ্ঞাপনী ছবিতে প্রীতি জ়িন্টার সঙ্গেও তাঁকে দেখা গিয়েছিল। এর পরে ২০০৯ সালে ফরহান আখতারের ‘লাক বাই চান্স’ ছবিতে ছোট একটি চরিত্রে অভিনয় করেন। যদিও সে ভাবে দাগ কাটতে পারেননি তিনি। সেই বছরই আরও এক সৌন্দর্য প্রতিযোগিতায় যোগ দেন মহসিন। কিন্তু, সেখানেও সাফল্য আসেনি। তার পরেই তিনি ফিরে যান পারিবারিক ব্যবসায়।
কাশ্মীরের এই ব্যবসায়ীর সঙ্গে ঊর্মিলার দেখা হয় পোশাকশিল্পী মণীশ মলহোত্রের ভাগ্নীর বিয়েতে। তার বছরখানেকের মধ্যে বিয়ে করেন তাঁরা। এখন অবশ্য নিজের মতো জীবন গুছিয়ে নিলেন মহসিন।