Tollywood Chaos

কলাকুশলীদের উপর ডিম, ইটবৃষ্টি! ‘আমরা পাপিয়াদির লোক’ হুঙ্কার, তোলপাড় টলিউড

বৃহস্পতিবার প্রতিবাদ জানাতে গিয়ে আক্রান্ত টলিউডের বিক্ষুব্ধ কলাকুশলীরা। কী বলছেন তাঁরা?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ১২:০০
Share:

কী থেকে সমস্যার সূত্রপাত? নিজস্ব চিত্র।

বুধবার বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী ঘোষণা করেন যে, আগামী দিনে টলিউডের ভালমন্দ দেখার দায়িত্ব কনফেডারেশনের। আর থাকবে না ২৬টি গিল্ড। বাংলা থেকে ‘ব্যান’ করা হয়েছে আগের গিল্ডগুলির কয়েক জন সদস্যকে। বৃহস্পতিবার তারই প্রতিবাদ সমাবেশে আক্রান্ত বিক্ষুব্ধ কলাকুশলীরা। অভিযোগ, তাঁদের উপর ডিম, ইট, পাথরের টুকরো ছোড়া হয়েছে। অল্পবিস্তর আহত উপস্থিত সাংবাদিকেরাও।

Advertisement

আনন্দবাজার ডট কম-কে ঘটনাস্থল থেকে সবিস্তার জানিয়েছেন প্রোডাকশন ম্যানেজার গিল্ড-এর সদস্য অভিজিৎ সাহা। তাঁর কথায়, “পাপিয়াদির কাছে আমাদের বিরুদ্ধে ভুল তথ্য দেওয়া হয়েছে। আমরা ওঁর সঙ্গে বৈঠক করতে চাই। সেই বার্তা দিতেই আমরা জড়ো হয়েছিলাম। বদলে এমন হেনস্থার শিকার হলাম।”

বৃহস্পতিবার সকালে টলিপাড়ায় ধুন্ধুমার। নিজস্ব চিত্র।

অভিজিতের বক্তব্য অনুযায়ী, এ দিন সকালে টালিগঞ্জের ভরাট মাঠে ২৬টি গিল্ড-এর কমবেশি দু’হাজার সদস্যের জমায়েত হয়েছিল। অভিযোগ, নিজেদের কথা বলতে শুরু করার আগেই নাকি একদল ‘বহিরাগত’ ঘিরে ফেলে তাঁদের। ডিম, পাথর, ইট ছুড়তে থাকে বলেও অভিযোগ। গিল্ড-এর সদস্যেরা প্রতিরোধ জানাতে গেলে নাকি পাল্টা হুমকি মেলে, ‘আমরা পাপিয়াদির লোক’! অভিযোগ, যাঁরা চড়াও হয়েছেন, তাঁরা কেউই কোনও গিল্ড-এর সদস্য নন।

Advertisement

ঘটনাস্থলে পুলিশ। নিজস্ব চিত্র।

আক্রমণকারীদের মধ্যে অনেক মহিলাও ছিলেন বলে অভিযোগ। অভিযোগ, তাঁরা নাকি নিজেদের ‘জনতা মহিলা মোর্চা’র সদস্য বলে দাবি করেন। বৃহস্পতিবারের ঘটনাপ্রসঙ্গে অভিজিৎ আরও বলেন, “ফেডারেশন, গিল্ড উঠে গেলে মোট ১০ হাজার সদস্যের উপার্জন বন্ধ হয়ে যাবে। অনাথ হবে বহু পরিবার।” সমস্ত গিল্ড-এর সকল সদস্য তাই মুখ্যমন্ত্রী এবং পাপিয়া অধিকারীর সঙ্গে কথা বলতে চান বলে জানান তিনি।

প্রসঙ্গত, টেকনিশিয়ান স্টুডিয়োয় পাপিয়ার বুধবারের বৈঠকের পরেই ২৬টি গিল্ড-এর সদস্যরা ঠিক করেন, বৃহস্পতিবার প্রতিবাদী সমাবেশ করবেন টেকনিশিয়ান স্টুডিয়োয়। অভিযোগ, বৃহস্পতিবার সকাল থেকে স্টুডিয়োর সামনে অবরোধ করে ‘জনতা মহিলা মোর্চা’ এবং গিল্ড-বহির্ভূতরা। ফলে, তাঁদের অন্যত্র সমাবেশ করতে হয়।

আক্রান্ত কলাকুশলী। নিজস্ব চিত্র।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা বিধায়ক পাপিয়ার সঙ্গে সরাসরি কথা বলছেন না গিল্ড-এর সদস্যরা? জবাবে প্রোডাকশন ম্যানেজার গিল্ড-এর সহ-সম্পাদক নিরুপম দে বলেন, “আমরা কথা বলতে চাই। আমাদের সময় দেওয়া হচ্ছে না। বাধ্য হয়ে আমরা প্রতিবাদী সমাবেশ করেছি। তাতে গুরুতর আহত হেয়ার ড্রেসার গিল্ড-এর সদস্য শ্রাবণী। তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ভাঙর হাসপাতালে।”

খবর, এ দিন বেলা ৩টেয় নন্দনে সব গিল্ড-এর প্রতিনিধি তথ্য-সংস্কৃতি দফতরে আবেদনপত্র নিয়ে যাবেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আর্জি জানাবেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement