জ়ুবিনের মৃত্যু তদন্তে নতুন মোড়? ছবি: সংগৃহীত।
গায়ক জ়ুবিন গার্গের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শ্যামকানু মহান্তের জামিন আবেদন নিয়ে অসম সরকারকে নোটিস জারি করল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিভি নাগরত্ন ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ মহান্তের বিশেষ আবেদন (এসএলপি) গ্রহণ করে, রাজ্য সরকারের কাছে জবাব তলব করেছে। আদালতের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, মামলাটি আগামী ১০ আগস্ট পুনরায় শুনানির জন্য তালিকাভুক্ত হতে পারে।
এর আগে গৌহাটি হাই কোর্ট শ্যামকানুর জামিন আবেদন খারিজ করে দেয়। আদালত তার পর্যবেক্ষণে জানায়, তদন্তে সংগৃহীত উপাদান থেকে প্রাথমিক ভাবে একটি ষড়যন্ত্রের ইঙ্গিত মিলেছে এবং ওই ষড়যন্ত্রে মহান্তের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। হাই কোর্টের মতে, সিঙ্গাপুরে অনুষ্ঠিত ইয়ট পার্টির আয়োজন মহান্তের পরামর্শেই হয়েছিল। তিনি ঘটনায় সক্রিয় ভূমিকা পালন করেছিলেন বলে তদন্তে উঠে এসেছে।
সরকারি পক্ষের আইনজীবীর দাবি, জ়ুবিনকে সারা রাত মদ্যপান করানো হয় এবং তাঁর স্বাস্থ্যের অবস্থা জানা সত্ত্বেও তাঁকে ইয়ট ভ্রমণে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি, তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে যথাযথ চিকিৎসা সহায়তা ও নিরাপত্তা ব্যবস্থাও নিশ্চিত করা হয়নি বলে অভিযোগ।
জামিন নাকচ করার ক্ষেত্রে হাই কোর্ট আরও উল্লেখ করে যে, অভিযুক্তের পালিয়ে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ঘটনার পর মহান্ত মালয়েশিয়ায় গিয়েছিলেন এবং পরে লুকআউট নোটিস জারির পর দিল্লি বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
উত্তর-পূর্ব আন্তর্জাতিক উৎসব (এনইআইএফ)-এর অন্যতম সংগঠক শ্যামকানু মহান্ত গত কয়েক মাস ধরে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের ল্যাজ়ারাস দ্বীপের কাছে সাঁতার কাটতে গিয়ে জ়ুবিনের মৃত্যু হয়। ঘটনার এক দিন পরেই ‘এনইআইএফ’-এর একটি অনুষ্ঠানে তাঁর পারফর্ম করার কথা ছিল।
গায়কের মৃত্যুর পর অসম পুলিশের সিআইডি একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করে। তদন্ত শেষে গত ডিসেম্বরে দাখিল করা চার্জশিটে শ্যামকানু মহান্ত-সহ সাত জনের নাম উল্লেখ করা হয়। তাঁদের মধ্যে চার জনের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে।