কোন কোন পানীয় খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে? ছবি: সংগৃহীত।
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য সেরা পানীয়? অনেকেই উত্তর দেবেন, গ্রিন টি। সত্যিই এই চায়ের হাজারো গুণ রয়েছে। তবে পুষ্টিবিদদের মতে, এমন আরও কিছু পানীয় রয়েছে, যেগুলি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। ঠিকঠাক খাওয়াদাওয়া, নিয়মিত শারীরচর্চা এবং স্বাস্থ্যকর যাপনের সঙ্গে এই পানীয়গুলি যুক্ত হলে হৃদ্যন্ত্রের স্বাস্থ্যেরও উপকার হতে পারে। তবে মনে রাখা জরুরি, কোনও পানীয়ই উচ্চ রক্তচাপের ওষুধের বিকল্প নয়। এগুলিকে স্বাস্থ্যকর জীবনযাপনের অংশ হিসেবেই দেখতে হবে।
রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য উপকারী ৩ পানীয়
জবার চা
এই চা ঠান্ডা খাওয়া যায়, গরমও। যাঁর যেমন পছন্দ, তেমন ভাবেই বানাতে পারেন। জবাফুলের গুণ এই চায়ের মধ্যে পাওয়া যায়। এর পলিফেনল রক্তনালিকাগুলিকে শিথিল করে দিতে পারে। ফলে রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হয় না। যাঁদের ক্যাফিনের সঙ্গে বোঝাপড়া ভাল নয়, তাঁরা এই তা দিব্য খেতে পারেন। অ্যান্টি-অক্সিড্যান্ট এবং ভিটামিন সি-র দুর্দান্ত এক উৎস এটি। কেবল রক্তচাপ নয়, জবার চা কোলেস্টেরল নিয়ন্ত্রণেও জন্যও কার্যকরী। পাশাপাশি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ওজন কমায়, এবং হজমশক্তি উন্নত করে।
বেদানার রস
বেদানা কেবল সুস্বাদু ফল নয়, এটি হার্টের জন্যও উপকারী বলে মত পুষ্টিবিদদের। এতে প্রচুর অ্যান্টি-অক্সিড্যান্ট রয়েছে। এই ফলের রস প্রদাহ কমাতে সাহায্য করতে পারে। রক্তনালির কার্যকারিতা ভাল রাখতে পারে, তাই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে অতিরিক্ত চিনি মেশানো বেদানার রস এড়িয়ে চলা ভাল। তার চেয়ে নিজে বানিয়ে খাওয়া উচিত।
বিটের রস
ডায়েটারি নাইট্রেটের দুর্দান্ত উৎস বিট। শরীরে গিয়ে সেই নাইট্রেটই পরিণত হয় নাইট্রিক অক্সাইডে। আর সেটিই রক্তনালিকে শিথিল ও প্রসারিত করে দিতে পারে। ফলে রক্তচাপ চলাচল করা সহজ হয়। ব্লাড প্রেশারের রোগ থাকলে এই রস উপকারী। তা ছাড়া শরীরচর্চার কর্মক্ষমতাও বাড়াতে সাহায্য করে এই পানীয়।
উচ্চ রক্তচাপকে অনেক সময় ‘নীরব ঘাতক’ বলা হয়। কারণ, দীর্ঘ দিন কোনও স্পষ্ট উপসর্গ ছাড়াই এটি শরীরের ক্ষতি করতে পারে। তাই শুধু স্বাস্থ্যকর পানীয়ের উপর নির্ভর না করে নিয়মিত রক্তচাপ পরীক্ষা করানো, চিকিৎসকের পরামর্শ মেনে চলা এবং সুষম জীবনযাপন জরুরি।