Homemade Smoothie Recipes

প্রোটিন ও ফাইবার একসঙ্গে পাবে ছোটরা, সকালের জলখাবারে রাখুন নানা রকম স্মুদি

ছোটদের সকালের জলখাবার প্রোটিন সমৃদ্ধ হওয়াই জরুরি। শুধু পেশি মজবুত নয়, দেহের প্রতিটি কোষ তৈরিতে প্রোটিনের গুরুত্বপূ্র্ণ ভূমিকা রয়েছে। সেই সঙ্গেই জরুরি ফাইবারও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১৭:৩৭
Share:

ছোটদের পুষ্টির ঘাটতি মিটবে কোন কোন স্মুদিতে? ছবি: এআই সহায়তায় প্রণীত।

ছোটদের পুষ্টি কিসে হবে সে নিয়ে বাবা-মায়ের চিন্তা থাকেই। আর ছোটরা বেশির ভাগ সময়ে বাইরের খাবার খেতেই বেশি পছন্দ করে। অভিভাবকেরা মনে করেন শিশুদের প্রোটিন বেশি খাওয়ালেই হয়তো পুষ্টি হবে। প্রোটিন মানেই বাবা-মায়েরা ভেবে নেন একগাদা মাছ বা মাংস খাইয়ে দেওয়া। এতে শরীরের জন্য জরুরি প্রোটিনের চাহিদা মেটে না। পাশাপাশি, অতিরিক্ত মাংস বা প্রক্রিয়াজাত খাবার খেলে শরীরে ট্রান্স ফ্যাটের মাত্রাও বেড়ে যাবে। ছোটদের সকালের জলখাবার প্রোটিন সমৃদ্ধ হওয়াই জরুরি। শুধু পেশি মজবুত নয়, দেহের প্রতিটি কোষ তৈরিতে প্রোটিনের গুরুত্বপূ্র্ণ ভূমিকা রয়েছে। সেই সঙ্গেই জরুরি ফাইবারও। তাই ছোটদের এমন খাবার দিতে হবে যা প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ। সে জন্য নানা রকম স্মুদি খাওয়াতে পারেন প্রাতরাশে।

Advertisement

কোন কোন স্মুদিতে পুষ্টির ঘাটতি মিটবে?

দই-চকোলেট প্রোবায়োটিক স্মুদি

Advertisement

দই পেটের জন্য ভাল। যে শিশুরা পেটের অসুখে বেশি ভোগে, তাদের রোজের খাবারে টক দই রাখলে উপকার হবে। ১ কাপ টক দই, ১ চামচ কোকো পাউডার, ১ চামচ মধু, ১ চামচ তিসির বীজ নিতে হবে। দইয়ের সঙ্গে সব উপকরণ মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন বা ব্লেন্ডারে হালকা ঘুরিয়ে নিন। উপরে সামান্য ডার্ক চকোলেট গ্রেট করে দিতে পারেন।

পেঁপে-দইয়ের স্মুদি

একটি গোটা পেঁপে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এ বার মিক্সারে ভাল করে পিষে নিয়ে তার সঙ্গে এক কাপ দই ও এক চামচ মধু মিশিয়ে নিন। খুব মিহি করে মিশ্রণ তৈরি করতে হবে। এই স্মুদিও পেটের জন্য খুবই ভাল। নিয়মিত খেলে হজমশক্তি বাড়বে, কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হবে।

শসা, তরমুজ ও জিরের স্মুদি

শসাতে ফ্যাট নেই। ক্যালোরির পরিমাণও কম। যাঁরা চটজলদি ওজন কমাতে চান, তাঁদের জন্য শসা খুব উপকারী। এ ছাড়া শসাতে রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট, যা বিপাকহার বাড়িয়ে ওজন ঝরাতে সহায়তা করে। তরমুজও কম ক্যালোরিযুক্ত ফল। এতে প্রচুর পরিমাণে জল রয়েছে, যা শরীরের জন্য উপকারী। জিরে শরীরের হজমশক্তি বৃদ্ধি করে এবং খিদে মেটায়। তাই ওজন ঝরাতে এই স্মুদি খুবই কার্যকর।

পিনাট বাটার ও তিসির স্মুদি

এক চামচ পিনাট বাটার, ২ চামচ ওট্‌স, ১ চামচ তিসির বীজ, সামান্য ডার্ক চকোলেট, ১ গ্লাস ঠান্ডা দুধ ও ২টি খেজুর নিতে হবে। সমস্ত উপকরণ ভাল করে ব্লেন্ড করে নিন। এই স্মুদিতে চিনি বা গুড় মেশাবেন না। কোনও রকম ম্যাপল সিরাপ মেশানোরও প্রয়োজন নেই। খেজুরের জন্যই স্মুদি মিষ্টি হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement