পেটের স্বাস্থ্য ভাল রাখতে প্রাতরাশে খাবেন কী? ছবি:সংগৃহীত।
গরমের দিনে পেট খারাপ, বদ হজম লেগেই থাকে। পেট ঠান্ডা রাখতে বেশি করে তরল খাবার খাওয়াই যায়। তবে এর পাশাপাশি নিয়ম করে ঘরে পাতা দই খাওয়ার পরামর্শ দেন চিকিৎসক ও পুষ্টিবিদেরা। কেউ বেছে নেন গ্রিক ইয়োগার্টও। পেটের জন্য ভাল এমন ব্যাক্টেরিয়ার সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে টক দই বা ইয়োগার্ট। উপকারী ব্যাক্টেরিয়া খাবার হজমে যেমন সাহায্য করে, তেমনই খাদ্যের পুষ্টিগুণ শোষণও সহজ করে দেয়। ফলে, পেটের স্বাস্থ্য ভাল থাকে।
তবে টক দই উপকারী হলেও, অনেকে খেতে পছন্দ করেন না। কারও আবার টক দই হজমেও সমস্যা থাকে। প্রাতরাশে বেছে নিন এমন খাবার যা গাট বা পেটের স্বাস্থ্য ভাল রাখবে। ভাল থাকবে অন্ত্রের স্বাস্থ্যেও।
ইডলি
চাল এবং ডালের মিশ্রণ মজিয়ে নেওয়ার পরে ভাপিয়ে তৈরি হয় ইডলি। ভাপানো রান্না বলেই এতে তেলের দরকার হয় না। নরম ইডলি খেতে যেমন স্বাদু, তেমনই মজানো খাবার বলেই পেটের জন্যও ভাল। ইডলির সঙ্গে বিভিন্ন রকম সব্জি দিয়ে তৈরি সম্বর খেলে ভিটামিন, খনিজ, ফাইবার এবং একই সঙ্গে প্রোটিনের চাহিদা পূরণ হবে। সঙ্গে নারকেলের চাটনি থাকলে স্বাস্থ্যকর ফ্যাটও জুড়বে।
কলা
পটাশিয়াম-সহ খনিজ এবং ফাইবারে পূর্ণ কলাও প্রাতরাশের উপযোগী খাবার। টক দইয়ে থাকা প্রোবায়োটিক হল এমন খাবার যাতে উপকারী ব্যাক্টেরিয়া জীবন্ত অবস্থায় থাকে। প্রিবায়োটিক হল অন্ত্রে থাকা ওই সমস্ত উপকারী ব্যাক্টেরিয়ার খাবার। এটি থাকে ডায়েটারি ফাইবারে, যা মেলে কলায়। তা ছাড়া, কোষ্ঠ পরিষ্কার করে পেট ভাল রাখতেও সাহায্য করে ফলটি। এর সঙ্গে রাখা যায় সেদ্ধ ডিম, মাখন টোস্ট।
ওট্স, আপেল, খেজুর
রোল্ড ওট্স ফাইবারে ভরপুর। ফাইবার যেমন হজমশক্তি বৃদ্ধি করে, তেমনই তা রক্তে শর্করার মাত্রাও ঠিক রাখে। রাতভর ওট্স দুধে ভিজিয়ে ফ্রিজে রাখুন। সকালে আপেল, খেজুর, বাদাম টুকরো করে ছড়িয়ে দিন। অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখবে এমন জলখাবার।
মুগ চিলা
চিলাও রাখা যায় প্রাতরাশে। ছবি:সংগৃহীত
মুগের ডালে যেমন প্রোটিন রয়েছে, তেমনই রয়েছে ফাইবার। এর সঙ্গে জুড়তে পারে পছন্দের সব্জিও। মুগ ডাল জলে ভিজিয়ে রাখুন। আদা, লঙ্কা, হলুদ, স্বাদমতো নুন দিয়ে মিক্সারে ঘুরিয়ে নিন। মিশ্রণটি যেন পাতলা হয়। ননস্টিক তাওয়ায় অল্প তেল দিয়ে অল্প কিছুটা মিশ্রণ ঢেলে দিন। হাতার পিছনের দিক দিয়ে যতটা সম্ভব পাতলা এবং গোল করে ছড়িয়ে দিন। দোসার মতো দেখতে হবে কিছুটা। মুগ চিলার সঙ্গে পনির বা পছন্দের কোনও তরকারি খেতে পারেন।
কিমচি
প্রাতরাশে মূল খাবারের সঙ্গে রাখুন কিমচিও। নুন এবং মশলা দিয়ে বাঁধাকপি এবং মুলো ফারমেন্ট করে বা মজিয়ে কিমচি তৈরি করা হয়। স্যালাড হিসাবে কিমচি রাখা যায়। অন্ত্রে উপকারী ব্যাক্টেরিয়ার সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে মজিয়ে নেওয়া খাবারটি।
পেঁপে
পেটের স্বাস্থ্য ভাল রাখতে তালিকায় রাখুন পেঁপে। এতে প্যাপেইন নামক উৎসচেক থাকে যা খাবার হজমে সাহায্য করে। তা ছাড়া এতে থাকে দ্রবণীয় ফাইবার যা কোষ্ঠ পরিষ্কারে সাহায্য করে। ফাইবার অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখতেও সহায়ক।
ডিম-পালংয়ের রোল
কড়াইয়ে তেল দিয়ে রসুনকুচি যোগ করুন। কচি পালং ভাপিয়ে নিন। তার উপর ডিম দিয়ে নরম করে ঝুরো করুন। স্বাদমতো নুন, ঝাল যোগ করুন। আটা বা রাগির রুটিতে মুড়ে রোল করে নিন। পালংশাকে থাকা ভিটামিন, ফাইবার পেটের স্বাস্থ্য ভাল রাখবে। ডিমে থাকা প্রোটিন সকালে পেট ভরাতে সাহায্য করবে।