পুদিনাপাতা দীর্ঘ সময় টাটকা রাখবেন কী ভাবে। ছবি: সংগৃহীত।
বরফ দেওয়া চা হোক বা লেবুর মোহিতো— তাজা পুদিনাপাতা জুড়তে পারে বাড়তি স্বাদ। কিন্তু পুদিনাপাতা তো দু’দিন অন্তর কিনতে যাওয়ার সুযোগ থাকে না সব সময়ে। অথচ গরমের দিনে যদি একটু পুদিনাপাতা হাতের কাছে থাকে সুবিধা হয় অনেকটাই। রাখার কৌশলেই সপ্তাহভর তাজা থাকতে পারে পুদিনাপাতা। শিখে নিন কৌশল।
১। একটি পাত্রে জল ভরে নিন। পুদিনা পাতার ডাঁটির নীচের অংশগুলি জলে ডুবিয়ে রাখুন। পাতাগুলি ঢেকে দিন আলগা প্লাস্টিকে। এই অবস্থায় সেটি ফ্রিজে ভরে রাখুন। প্লাস্টিক ফ্রিজের প্রবল ঠান্ডা থেকে পাতাগুলিকে বাঁচাবে। প্লাস্টিকটি আলগা রাখার কারণ, অল্প ঠান্ডা ঢুকবে এর ফাঁক দিয়ে। ফলে পাতাগুলি দীর্ঘ দিন তাজা থাকবে।
২। পুদিনাপাতা ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে নিন। সুতির কাপড় কিংবা কাগজের ন্যাপকিন অল্প ভিজিয়ে পুদিনা পাতাগুলি মুড়ে একটি কৌটোয় ঢাকা দিয়ে রাখুন। তবে খেয়াল রাখা দরকার কোনও পাতা যেন পচা না থাকে। কারণ, একটি পচা পাতা থাকলেও, বাকি পাতাগুলি দ্রুত পচে যেতে পারে।
৩। আরও একটি উপায় আছে। টাটকা পুদিনাপাতা বরফের ট্রে-তে রেখে জল ঢেলে ডিপ ফ্রিজে ভরে দিন। পুদিনাপাতা বরফে আটকে থাকবে এবং তাজাও থাকবে। শরবত তৈরির সময়ে শুধু বরফের টুকরো ফেলে দিলেই হবে।