সুগার কমবে কারিপাতার পানীয়ে চুমুক দিলেই। ছবি: সংগৃহীত।
শরীরে এক বার ডায়াবিটিস বাসা বাঁধলে জীবনে চলে আসে হাজার রকম বিধিনিষেধ। অতিরিক্ত মাত্রায় ক্যালোরি এবং কার্বোহাইড্রেটযুক্ত খাবার খাওয়া, কম ঘুমোনো, অবসাদ, উদ্বেগজনিত বিভিন্ন সমস্যার কারণে শর্করার মাত্রা ওঠা-নামা করতে শুরু করে। ঘরে ঘরে সেই কারণে এখন ডায়াবেটিকদের সংখ্যা বাড়ছে। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ডায়াবিটিসে আক্রান্ত রোগী আছেন ভারতেই। ২০২৪ সালে ‘দ্য ল্যানসেট ডায়াবিটিস এবং এন্ডোক্রিনোলজি’ জার্নালে প্রকাশিত একটি সমীক্ষা অনুযায়ী, ভারতের মোট জনসংখ্যার ২৩.৭ শতাংশই নাকি ডায়াবেটিক। সমীক্ষায় আরও বলা হয়েছে, ভবিষ্যতে প্রায় ১৩ কোটি ৬ লক্ষ ভারতীয়ের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
ডায়াবিটিসের হাত ধরে কিডনির অসুখ, হার্টের অসুখ, লিভারের অসুখ, স্নায়ুর অসুখের মতো হাজারটা রোগ শরীরে বাসা বাঁধে। তাই এই রোগে আক্রান্ত হলে তা নিয়ন্ত্রণে রাখা ভীষণ জরুরি। ওষুধ আর শারীরচর্চার পাশাপাশি ডায়াবিটিস নিয়ন্ত্রণে রাখতে কাজে লাগাতে পারেন কারিপাতা। এই পাতায় বিটা-ক্যারোটিন, ভিটামিন সি-এর মতো অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে, যা ডায়াবিটিসের মতো ক্রনিক অসুখ নিয়ন্ত্রণে রাখতে বেশ উপকারী। কারিপাতায় প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে। ফাইবারের কারণে সুগার বশে থাকে। এর পাশাপাশি ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধি করতেও কারিপাতা সাহায্য করে। কারিপাতায় এমন যৌগ থাকে যা গ্লুকোজ়কে চটজলদি ভাঙতে দেয় না। ফলে রক্তে শর্করার মাত্রা এক লাফে অনেকটা বেড়ে যায় না।
রোজের রান্নায় তো কারিপাতা ব্যবহার করা যেতেই পারে। এ ছাড়াও ডায়াবেটিক রোগীরা মাঝে মাঝে কারিপাতার শটেও চুমুক দিতে পারেন। কী ভাবে বানাবেন, জেনে নিন।
২ টেবিল চামচ আদাকুচি, ২টি আমলকিকুচি, ৩০-৩৫টি কারিপাতা, ১/৪ চা চামচ হলুদগুঁড়ো, স্বাদমতো নুন দিয়ে মিক্সিতে বেটে নিন। মিশ্রণটি ছেঁকে রস বার করে নিন। এ বার লেবুর রস মিশিয়ে খেতে পারেন পানীয়টি।
প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্যে লেখা হয়েছে। ডায়াবিটিসে আক্রান্ত হলে ডায়েটে কোনও রকম বদল আনার আগে অবশ্যই চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নিন।