Purple Rice Benefits

চাল বদলালেই ফিট থাকবে শরীর? সাদার বদলে গাঢ় বেগনি ভাত বেছে নিলে কী লাভ হবে?

এক দিকে যখন তরুণ প্রজন্মের একাংশ সাদা ভাত থেকে মুখ ফেরাচ্ছেন, অন্য দিকে, তখন ঝাঁ চকচকে শপিং মলে প্যাকেট বা কৌটোবন্দি হয়ে বিক্রি হচ্ছে এমন চাল, যা আদতে সাদা নয়। সেই চালই নাকি উপকারী! সেই তালিকায় রয়েছে বেগনি চাল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ১৩:১২
Share:

সাদার বদলে বেগনি ভাত! খেলে কী হবে? ছবি:সংগৃহীত।

এত দিন যে ভাত খেয়ে এসেছেন ভারতের নানা প্রান্তের মানুষ, স্বাস্থ্য সচেতনতার দৌলতে সেই সাদা ভাতই ব্রাত্য হতে বসেছে। পলিশ করা এই চাল থেকে বাদ পড়ে নানা রকম পুষ্টিগুণ এবং আদতে তা হয়ে ওঠে কার্বোহাইড্রেটের খনি। তাই মেদ গলাতে কিংবা তন্বী চেহারা বশে রাখতে পাত থেকে বাদ ভাত। এক দিকে যখন তরুণ প্রজন্মের একাংশ সাদা ভাত থেকে মুখ ফেরাচ্ছেন, অন্য দিকে, তখন ঝাঁ চকচকে শপিং মলে প্যাকেট বা কৌটোবন্দি হয়ে বিক্রি হচ্ছে এমন চাল, যা আদতে সাদা নয়। সেই চালই না কি উপকারী। সেই তালিকায় রয়েছে বেগনি চাল।

Advertisement

বেগনি এই চালকে বলে ‘ফরবিড্‌ন রাইস’, কোথাও একে বলা হয় ‘কালো চাল’ও। দেখতে এমন হলেও, উপকারিতায় সাদা চালকে অনায়াসেই টেক্কা দিতে পারে তা। সেই কারণে, স্বাস্থ্য সচেতনদের মধ্যে এই চালের কদর বাড়ছে। যথেষ্ট পরিমাণে ফাইবার মেলে এতে। এই চাল হার্টের পক্ষে ভাল, ডায়াবেটিক-বান্ধবও। প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট মেলে এতে যা অক্সিডেটিভ স্ট্রেস থেকে শরীরকে রক্ষা করে। চালের যে গাঢ় রং সেটির নেপথ্যে রয়েছে অ্যান্থোসায়ানিন নামক অ্যান্টি-অক্সিড্যান্ট।

সাদা চালের তুলনায় বাড়তি কী মেলে

Advertisement

· অতিরিক্ত ফাইবার

· স্বল্পমাত্রায় প্রোটিন

· অ্যান্টি-অক্সিড্যান্ট মেলে বেশি

· আয়রন এবং খনিজও পাওয়া যায় কিছু কিছু

কালো চালে থাকা অ্যান্থোসায়ানিন কোষের বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে, প্রদাহ কমায়, বিপাকজনিত গোলযোগ দূর করে।

ডায়াবেটিকদের জন্য ভাল?

চালে থাকা সিম্পল কার্বোহাইড্রেট দ্রুত হজম হয় এবং ডায়াবেটিকদের ক্ষেত্রে রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। কালো বা বেগনি চালে ফাইবার থাকে অনেকটাই বেশি। ফাইবার কিছুটা ছাঁকনির মতো কাজ করে। রক্তে দ্রুত শর্করা বৃদ্ধি হতে দেয় না। সেই কারণে ডায়াবেটিকদের ভাত বা রুটির সঙ্গে ফাইবার জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা।

ফাইবার থাকায় ইনসুলিন রেজ়িস্ট্যান্ট এবং টাইপ ২ ডায়াবিটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। ওজন বশে রাখতেও কাজে আসে।

আর কী লাভ?

ফাইবার থাকায়, দ্রুত পেট ভরে যায়। ফলে বেশি খাওয়ার প্রবণতা কমে। খারাপ কোলেস্টেরলের মাত্রা বশে রাখতে সাহায্য করে।

তবে কি সাদা চালের চেয়ে এই চাল ভাল?

পুষ্টিবিদেরা বলছেন, সাদা চালের প্রক্রিয়াকরণের সময় ফাইবার সহ বেশ কিছু পুষ্টি উপাদান বাদ পড়ে। কালো বা বেগনি চালে ততটাও প্রক্রিয়াকরণ হয় না বলে এর পুষ্টিগুণ কিঞ্চিৎ বেশি। তবে হার্ট ভাল রাখা হোক বা ডায়াবেটিস বশে রাখা, শুধু চাল বদলেই সমাধান হয় না। অবশ্য‌ই বেগনি বা কালো চাল স্বাস্থ্যকর, তবে শরীর ভাল রাখতে গেলে পরিমিত খাদ্যগ্রহণ, শরীরচর্চা খুব জরুরি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement