প্রোটিনে ভরপুর ৩ প্রাতরাশ রেসিপি। ছবি: সংগৃহীত।
প্রাতরাশ যেমন তেমন নয়, হওয়া দরকার পুষ্টিগুণে ভরপুর। সকালে সময়ের বড় অভাব। তাই তরকারি দিয়ে মুড়ি মাখা, আগের দিনের বেঁচে যাওয়া রুটি তরকারি কিংবা কর্নফ্লেক্স দিয়েই পেট ভরান অনেকে। কারও কাছে আবার এই খাবারই তৃপ্তিদায়ক। কিন্তু পুষ্টিবিদেরা সুস্থ থাকার যে শর্তগুলিতে আলোকপাত করেন, সেই শর্ত পূরণ হয় কি এতে? চিকিৎসক থেকে পুষ্টিবিদেরা বলেন, প্রাতরাশ খুব জরুরি বিষয়। কারণ, রাতের পর সকালের খাওয়ার মাঝে অনেকটা বিরতি থাকে। পুষ্টিবিদদের মতে, প্রাতরাশ প্রোটিনে ভরপুর হওয়া ভীষণ জরুরি।
শরীরে শক্তি ও পুষ্টি জোগাতে যেমন প্রোটিনের প্রয়োজন, তেমনই কোষের ক্ষয় রুখতে সাহায্য করে প্রোটিন। প্রোটিন শরীরে শক্তির জোগান দেয়, শরীর চাঙ্গা রাখতে সাহায্য করে। প্রোটিনে ভরপুর জলখাবার খেলে পেট অনেক ক্ষণ ভরা থাকে। অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ইচ্ছে কমে যায়। খুব বেশি ঝক্কি ছাড়া কম সময় বানিয়ে ফেলতে পারবেন, প্রোটিনে ভরপুর এমন তিনটি প্রাতরাশের পদ কেমন হতে পারে, রইল হদিস।
গ্রিক ইয়োগার্ট ফ্রুট বোল: এটি ব্যস্ত সকালে চটজলদি বানিয়ে ফেলা যায় এমন একটি প্রোটিন-সমৃদ্ধ প্রাতরাশ। ঘন গ্রিক ইয়োগার্টের সঙ্গে বেরি জাতীয় ফল, কলা বা আপেলের টুকরোর মতো টাটকা ফলের কুচি মেশান। মুচমুচে ভাবের জন্য উপরে রকমারি বাদাম বা বীজ ছড়িয়ে দিতে পারেন উপরে। এই খাবার খেতে সুস্বাদু, দীর্ঘ ক্ষণ পেট ভর্তি রাখতে সাহায্য করে।
ডিমের ভুজিয়া: কয়েক মিনিটে বানিয়ে ফেলতে পারেন প্রোটিনে ভরা এই খাবারটি। প্রাতরাশটিকে আরও বেশি স্বাস্থ্যকর করার জন্য ডিমের সঙ্গে পালংশাক, টম্যাটো, পেঁয়াজের মতো সব্জিও দিতে পারেন। সঙ্গে নুন, গোলমরিচ আর হার্বস মিশিয়ে অল্প অলিভ অয়েলে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে ডিমের ভুজিয়া।
পিনাট বাটার টোস্ট: ব্রাউন ব্রেড টোস্ট করে তার উপর পিনাট বাটার ভাল করে মাখিয়ে গোল গোল করে কেটে রাখা কলার কুচি উপরে সাজিয়ে দিন। এই খাবারটি প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট আর কার্বোহাইড্রেট সমৃদ্ধ একটি জলখাবার। সকাল সকাল এই খাবারটি খেলে পেটও ভর্তি থাকে অনেক ক্ষণ আর শরীরে শক্তির জোগানও হয় পর্যাপ্ত মাত্রায়।