—প্রতীকী ছবি।
দিনের শুরুটা যদি ভাল ভাবে হয় তবে বাকি দিনটিও ভাল কাটে এমনটাই প্রচলিত বিশ্বাস। সকালে ভাল কিছু ঘটনা ঘটলে দিনের বাকিটাও নির্বিঘ্নে কাটে এমনটা আশা করাই যেতে পারে। সারা দিন ভাল ভাবে কাটবে কি না, তার চাবিকাঠি রয়েছে আপনারই হাতে। সকালে ঘুম থেকে উঠার পর কয়েকটি জিনিস মেনে চললে প্রতিটি সকালই হয়ে উঠবে শুভ।
সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের মন ও মস্তিষ্কেরও নতুন সূচনা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্যের আলো পৃথিবীতে পৌঁছোনোর সঙ্গে সঙ্গে ইতিবাচক শক্তিগুলি জাগ্রত হয়ে ওঠে। কিন্তু আমাদের কিছু ছোট ছোট ভুল এই শক্তিকে নেতিবাচকতায় রূপান্তরিত করতে পারে। এই আপাতদৃষ্টিতে ছোট অভ্যাসগুলি ত্যাগ না করলে তা শুধু শান্তিই কেড়ে নেয় না, উল্টে আমাদের বাড়ির সুখ, সমৃদ্ধি এবং উন্নতিকেও সরাসরি প্রভাবিত করে।
অনেকেরই বিছানা থেকে উঠেই আয়না দেখার অভ্যাস থাকে। বাস্তুশাস্ত্র অনুসারে, ঘুমের সময় আমাদের শরীরে কিছু নেতিবাচক শক্তি জমা হয়। আয়নার দিকে তাকালে সেই অশুভ শক্তি দ্বিগুণ হয়ে যেতে পারে। তাই, সকালে ঘুম থেকে উঠে প্রথমে নিজের তালুর দিকে তাকান।
ঘুম থেকে উঠেই চোখ খুলে রাতের এঁটো বাসনের দিকে তাকাতে নেই। খুব সকালে নোংরা বাসনপত্র দেখলে তা নেতিবাচকতা ছড়ায়। ঘুমোতে যাওয়ার আগে রান্নাঘর পরিষ্কার করার চেষ্টা করুন, এর ফলে সতেজ ও ইতিবাচক অনুভূতি নিয়ে দিনটি শুরু করা সম্ভব হবে।
সকালে ঘুম থেকে উঠে যদি আপনি একটি থেমে যাওয়া ঘড়ি বা ভাঙা জিনিস দেখেন, তবে তা অশুভ বলে মনে করা হয়। একটি থেমে যাওয়া ঘড়ি সময়ের স্থবিরতা বা কাজে ব্যাঘাত ঘটার ইঙ্গিত দিতে পারে।
সকালে ঘুম থেকে উঠেই কোনও হিংস্র প্রাণী বা বিষণ্ণ ছবি দেখলে মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে। এর পরিবর্তে সূর্য, ফুল বা শান্ত প্রকৃতির ছবি দেখাই শ্রেয়।