Bihar Meat-Fish Sale Ban

শিশুদের হিংসাত্মক প্রবণতা রুখতেই স্কুলের সামনে মাছ-মাংস বিক্রি বন্ধ করছে বিহার, ব্যাখ্যা উপমুখ্যমন্ত্রীর

গত সপ্তাহেই বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয়কুমার সিন্‌হা ঘোষণা করেছিলেন, বিহারের কোথাও প্রকাশ্যে মাছ, মাংস বিক্রি করতে পারবেন না কেউ। নতুন নিয়ম চালু হলে শুধুমাত্র লাইসেন্সধারী দোকানদারেরাই মাছ, মাংস বিক্রি করতে পারবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪০
Share:

বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয়কুমার সিন্‌হা। —ফাইল চিত্র।

প্রকাশ্যে মাছ-মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে বিহার সরকার। এ বার সেই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করলেন সে রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয়কুমার সিন্‌হা। তাঁর ব্যাখ্যা, স্কুল-কলেজের সামনে মাছ-মাংসের দোকান থাকলে শিশুদের মধ্যে হিংসাত্মক আচরণের প্রবণতা বাড়তে পারে। তা রুখতেই বিহার সরকার এই পদক্ষেপ করছে বলে জানিয়েছেন তিনি।

Advertisement

বিহারের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিজয় বলেন, “আমরা কারও খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করতে চাই না। কিন্তু এই ধরনের জিনিস (মাছ-মাংস) প্রকাশ্যে, বিশেষত ধর্মীয় প্রতিষ্ঠানের বাইরে বিক্রি হলে আমাদের ভাবাবেগের শুদ্ধতার উপর বিরূপ প্রভাব ফেলবে। একই ভাবে শিশুদের মধ্যে হিংসাত্মক প্রবণতা রুখতে এই জিনিসগুলি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দূরে রাখা প্রয়োজন।”

গত সপ্তাহেই বিজয় ঘোষণা করেছিলেন, বিহারের কোথাও প্রকাশ্যে মাছ, মাংস বিক্রি করতে পারবেন না কেউ। নতুন নিয়ম চালু হলে শুধুমাত্র লাইসেন্সধারী দোকানদারেরাই মাছ, মাংস বিক্রি করতে পারবেন। উপমুখ্যমন্ত্রী আরও জানান, এই বিষয়ে সকলকে নিয়ম মেনে চলতে হবে। কেউ যদি সেই নিয়ম লঙ্ঘন করেন বা করার চেষ্টা করেন, তা হলে তাঁর বা তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। তিনি বলেন, ‘‘রাজ্যের কোথাও কোনও ভাবে প্রকাশ্যে মাছ, মাংস বিক্রি করা যাবে না। সরকার ইতিমধ্যেই এ বিষয়ে নতুন বিধি তৈরি করতে চলেছে। খুব শীঘ্রই তা কার্যকর করা হবে।’’ এই সিদ্ধান্তের সমর্থনে মঙ্গলবার বিজয়ের দাবি, পরিচ্ছন্নতা এবং সামাজিক সম্প্রীতি রক্ষা করতেই এই পদক্ষেপ করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement