Pune Rape Case

চার বছরের শিশুকে গোয়ালে নিয়ে গিয়ে ধর্ষণ, খুন! গ্রামবাসীদের প্রতিবাদে অবরুদ্ধ মুম্বই-বেঙ্গালুরু হাইওয়ে

গরমের ছুটি কাটাতে পুণের ভোর এলাকায় গ্রামে দিদার বাড়িতে গিয়েছিল ওই শিশু। অভিযোগ, গত শুক্রবার খাবারের লোভ দেখিয়ে তাকে রাস্তা থেকে তুলে নিয়ে যান অভিযুক্ত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ১২:৩৩
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি বাধা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

মহারাষ্ট্রে চার বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠল ৬৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। বিচারের দাবিতে পুণের শহর সংলগ্ন এলাকায় বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের আন্দোলনে দীর্ঘ ক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে মুম্বই-বেঙ্গালুরু হাইওয়ে।

Advertisement

গরমের ছুটি কাটাতে পুণের ভোর এলাকায় গ্রামে দিদার বাড়িতে গিয়েছিল ওই শিশু। অভিযোগ, গত শুক্রবার খাবারের লোভ দেখিয়ে তাকে রাস্তা থেকে তুলে নিয়ে যান অভিযুক্ত। নিকটবর্তী গোয়ালঘরে নিয়ে যাওয়া হয় শিশুকে। সেখানে যৌন হেনস্থার পর তাকে খুন করা হয়। অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে এর আগেও একাধিক অপরাধের রেকর্ড ছিল। জেলও খেটেছিলেন তিনি। এই ধরনের অপরাধী কী ভাবে খোলা রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন, প্রশ্ন উঠেছে। মহারাষ্ট্রে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে।

পুণে পুলিশের এসপি সন্দীপ সিংহ গিল জানিয়েছেন, অভিযোগ পেয়েই দ্রুত পদক্ষেপ করা হয়। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করা হয়। ফুটেজে শিশুকে নিয়ে গোয়ালঘরের দিকে তাঁকে যেতে দেখা গিয়েছিল। ওই গোয়ালঘর থেকেই শিশুর দেহ উদ্ধার করা হয়।

Advertisement

অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সে দিন বিকেল থেকেই গ্রামবাসীরা বিক্ষোভ শুরু করেন। ঘেরাও করা হয় স্থানীয় থানা। বিক্ষোভের মুখে পুলিশ জানিয়েছে, ১৫ দিনের মধ্যে চার্জশিট জমা দেওয়া হবে। ফাস্ট ট্র্যাক কোর্টে বিচারপ্রক্রিয়া শেষ করে অভিযুক্তের শাস্তি নিশ্চিত করা হবে। আপাতত ৭ মে পর্যন্ত অভিযুক্তকে নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা এবং পকসো আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ চলছে। পুণে-সহ গোটা মহারাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। রাজ্যের বিজেপি সরকারের জানিয়েছে, অভিযুক্তের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। পুলিশ তদন্ত করছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement