— প্রতীকী চিত্র।
বাড়িতে একটি অনুষ্ঠান চলছিল। চলছিল মদ্যপানের আয়োজন। মদে মেশানোর জন্য ন’বছরের এক শিশুকে জল আনতে বলেছিলেন কাকা। অভিযোগ, বাচ্চাটি জল আনতে না চাওয়ায় তাঁকে গুলি করে খুন করা হয়েছে। খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন অভিযুক্ত। উত্তরপ্রদেশের কাসগঞ্জ জেলার ঘটনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম যশপাল গোলা। তার বাড়িতে এক শিশুর নামকরণের অনুষ্ঠান চলছিল। সেখানে অভিযুক্ত ধনেশ যাদব এবং গ্রামের কয়েক জন মদ্যপান করছিলেন। ধনেশ মৃত যশপালের বাবা যশবীর গোলার তুতো ভাই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ধনেশ এবং কয়েক জন মদে মেশানোর জন্য বাচ্চাটিকে জল আনতে বলেন।
যশপাল জল আনতে অস্বীকার করলে তার পেটে ধনেশ গুলি চালান বলে অভিযোগ। শিশুটিকে সঙ্গে সঙ্গে কাসগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থার অবনতি হলে তাকে আলিগড়ের হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসার সময়ে শনিবার তার মৃত্যু হয়।
ওসি গোবিন্দবল্লভ শর্মা জানিয়েছেন, যশপালের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পরে গ্রেফতার করা হয় ধনেশকে। খুনের অস্ত্রও উদ্ধার করা হয়েছে। পুলিশের অতিরিক্ত সুপার রাজেশকুমার ভারতী জানিয়েছেন, কেন খুন করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে জেরা করা হচ্ছে।