Congress on NEET Exam

নিট-এর আগে একাধিক আত্মহত্যা, প্রশ্ন কংগ্রেসের

প্রশ্ন ফাঁসের কারণে গত ৩ মে হওয়া ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা— নিট বাতিলের সিদ্ধান্ত নেয় নরেন্দ্র মোদী সরকার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ১০:১১
Share:

রাহুল গান্ধী। ফাইল চিত্র।

নিটের পুনঃপরীক্ষা যত এগিয়ে আসছে, আত্মহননের পথ বেছে নিচ্ছেন একের পর এক পরীক্ষার্থী। গত দু’দিনে দেশের চার প্রান্তে চার নিট পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। গত ৩ মে নিট পরীক্ষা বাতিল হওয়ার পরে এখনও পর্যন্ত ১৪ জন পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে কংগ্রেস। তাদের প্রশ্ন, এ সব মৃত্যুর দায় নেবে কে?

প্রশ্ন ফাঁসের কারণে গত ৩ মে হওয়া ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা— নিট বাতিলের সিদ্ধান্ত নেয় নরেন্দ্র মোদী সরকার। আগামী রবিবার ফের ওই পরীক্ষা হওয়ার কথা। কিন্তু যত পরীক্ষার দিন এগিয়ে আসছে তত চাপ নিতে না পেরে নিজেদের জীবন শেষ করে দিচ্ছেন একের পর এক পরীক্ষার্থী। গত দু’দিনে লখনউ, দেহরাদূন, কোয়ম্বত্তূর ও আমদাবাদে চার জন পরীক্ষার্থী আত্মহননের পথ বেছে নিয়েছেন। কংগ্রেসনেতা রাহুল গান্ধীর কথায়, ‘‘একটি ভেঙে পড়ার ব্যবস্থার শিকার ওই পড়ুয়ারা। এঁদের মৃত্যুর জন্য দায়ী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।’’ প্রধানমন্ত্রী কবে তাঁকে সরাবেন কিংবা কেন প্রধান নিজে থেকে ইস্তফা দিচ্ছেন না তা নিয়ে প্রশ্ন তুলে গতকাল রাজস্থানের কোটায় ছাত্র সম্মেলনে সরব হন রাহুল।

যেখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে দেশের বিভিন্ন প্রান্তের পড়ুয়ারা যান, পটনা, প্রয়াগরাজ, দিল্লির মতো তেমন শহরে ‘ছাত্রোঁ কী গুঞ্জ’ (পড়ুয়াদের গুঞ্জন) নামে ওই ছাত্র সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছেন রাহুল। গতকাল কোটায় ছাত্র উপস্থিতি দেখে উৎসাহিত রাহুল আজ স্বাক্ষর অভিযান শুরু করেছেন। সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘‘কোটা, তোমরা অবাক করে দিয়েছ। বিশ্বাস করো, গতকাল আমরা ইতিহাসের জন্ম দিয়েছি। হাজার-হাজার পড়ুয়া গতকাল পথে ছিল, লক্ষ-লক্ষ অনলাইনে অনুষ্ঠান দেখেছে। প্রথম বার গোটা দেশ দেখল শিক্ষার নামে কী ভাবে বিপুল দুর্নীতি ও তোলা আদায় চলছে। এ সবে শুরু।..পরামর্শ পাঠান। স্বাক্ষর অভিযানে যোগ দিন।’’

প্রশ্নপত্রের রূপরেখা কেমন হবে তার আভাস পরীক্ষার্থীদের আগেই দিয়ে রাখে ওই পরীক্ষার দায়িত্বে থাকা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। সংস্থা জানিয়েছে, প্রতি বারের মতো নিট-এ ৭২০ নম্বরের পরীক্ষা হবে। প্রশ্ন থাকবে ১৮০টি। যেগুলির মধ্যে ৪৫টি করে প্রশ্ন থাকবে পদার্থবিদ্যা ও রসায়নের। থাকবে জীববিদ্যার (বায়োলজি) ৯০টি প্রশ্ন। ঠিক উত্তরে ৪ নম্বর ও ভুল করলে এক নম্বর কাটা যাবে। পরীক্ষা হয়ে যাওয়ার পরে বুকলেট নিয়ে যেতে পারবেন পরীক্ষার্থীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন