Illegal Bangladeshi

গত ন’মাসে ১৫৮৯ জন অবৈধ বাংলাদেশিকে শনাক্ত করে দেশে পাঠানো হয়েছে? শাহের মন্ত্রককে জানাল দিল্লি পুলিশ

দিল্লি পুলিশের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের জুন মাস থেকে চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ১৫৮৯ জন অবৈধবাসী বাংলাদেশিকে শনাক্ত করে দেশে ফেরত পাঠানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১৬:১৪
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

গত ন’মাসে অবৈধ ভাবে ভারতে বসবাস করা ১৫৮৯ জন বাংলাদেশিকে শনাক্ত করেছে দিল্লি পুলিশ। পরে ওই অনুপ্রবেশকারীদের ত্রিপুরার আগরতলা-বাংলাদেশ সীমান্ত দিয়ে ফেরত পাঠানোও হয়েছে। অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এই পরিসংখ্যানের কথা জানিয়েছে দিল্লি পুলিশ।

Advertisement

দিল্লি পুলিশের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের জুন মাস থেকে চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ১৫৮৯ জন অবৈধবাসী বাংলাদেশিকে শনাক্ত করে দেশে ফেরত পাঠানো হয়েছে। ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত এই সংখ্যাটা ছিল তুলনায় অনেক কম— ৭২০।

প্রসঙ্গত, ২০২৪ সালের নভেম্বর মাসে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক অবৈধ ভাবে ভারতে থাকা বাংলাদেশি এবং রোহিঙ্গাদের পরিচয়পত্র যাচাই, শনাক্তকরণ এবং প্রয়োজনে আটক করার নির্দেশ দেয়। গত বছর ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর অবৈধ বাংলাদেশি ধরতে অভিযান আরও জোরদার করে দিল্লি পুলিশ। শুধু এপ্রিল মাসেই ৫০০ জন অবৈধ বাংলাদেশিকে শনাক্ত করে তাঁদের দেশে পাঠানো হয়।

Advertisement

দিল্লি পুলিশের পরিসংখ্যান বলছে, ২০২৪ সালের ১৫ নভেম্বর থেকে ২০২৫ সালের ২০ এপ্রিল পর্যন্ত ২২০ জন অবৈধ বাংলাদেশিকে আটক করা হয়। তার পর তাঁদের ‘ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস’-এর হাতে তুলে দেওয়া হয়। ওই অবৈধবাসীদের রেল এবং সড়কপথে দেশের পূর্ব দিকের রাজ্যগুলিতে নিয়ে গিয়ে স্থলসীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠানো হয়।

দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ২০২৫ সালের জুন মাস থেকে গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত ১৫৮৯ জন অবৈধবাসী বাংলাদেশিকে আটক করার পাশাপাশি ৫৫ জন রোহিঙ্গাকেও শনাক্ত করেছেন তাঁরা। দিল্লি পুলিশ সূত্রে খবর, এই অবৈধবাসীদের অনেকেই দিল্লি সীমানা লাগোয়া হরিয়ানা এবং রাজস্থানের ইটভাটায় কাজ করতেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement