(বাঁ দিক থেকে) এমকে স্ট্যালিন, থলপতি বিজয় এবং রাহুল গান্ধী। —ফাইল চিত্র।
তামিলনাড়ুর রাজনৈতিক সমীকরণ ছাপ ফেলল সর্বভারতীয় রাজনীতিতে। চিত্রতারকা-রাজনীতিক থলপতি বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজ়াগম (টিভিকে)-এর সঙ্গে ভোট পরবর্তী জোট গড়ার কারণে কংগ্রেসের সঙ্গ ছাড়ায় কথা ঘোষণা করল বিদায়ী মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের দল ডিএমকে। সংসদে তারা কংগ্রেসের সঙ্গে কোনও সমন্বয় করবে না বলে শুক্রবার জানানো হয়েছে ডিএমকে-র তরফে।
স্ট্যালিনের বোন তথা লোকসভার ডিএমকে-র নেত্রী শুক্রবার কানিমোঝি স্পিকারকে চিঠি লিখে অনুরোধ করেছেন যাতে দলের সাংসদদের আসন বিন্যাস তাঁদের প্রাক্তন মিত্রদের (বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’) পাশের বর্তমান অবস্থান থেকে পরিবর্তন করা হয়। লোকসভার ডিএমকে-র আসনসংখ্যা ২২। তাদের এই সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার লোকসভায় ‘ঐক্যবদ্ধ বিরোধিতা’ এড়াতে পারবে বলে মনে করছেন অনেকেই। প্রসঙ্গত, ২০১৪-র লোকসভা ভোটের আগে হঠাৎই কংগ্রেসের সঙ্গ ছেড়েছিল ডিএমকে। এ বার একই কাজ করেছে রাহুল গান্ধী-মল্লিকার্জুন খড়্গের দল।
দ্রাবিড় রাজনীতিতে সাত দশকের ডিএমকে-এডিএমকে সমীকরণ তছনছ করে প্রথম স্থান পেয়েছে বিজয়ের দল টিভিকে। ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮টি আসন। কিন্তু কোনও দল বা জোটই তা পায়নি। চিত্রতারকা বিজয়ের টিভিকে ১০৮টিতে জিতে একক বৃহত্তম দল হয়েছে। যদিও বিজয় দু’টি আসনে জয়ী হওয়ায় তাদের বিধায়ক সংখ্যা ১০৭। কিন্তু এর ফলে বিধায়ক সংখ্যা ২৩৩-এ নেমে আসায় সংখ্যাগরিষ্ঠতার জাদুসংখ্যা কমে ১১৭-য় দাঁড়িয়েছে। ডিএমকে-কংগ্রেস-বাম জোট ৭৪ এবং এডিএমকে বিজেপি জোট ৫৩টি জিতেছে।
ডিএমকে একক ভাবে ৫৯টি আসনে জিতলেও দলের প্রধান তথা বিদায়ী মুখ্যমন্ত্রী স্ট্যালিন পরাজিত। তাঁর সহযোগী কংগ্রেস জিতেছে পাঁচটিতে। অন্য দিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী পলানীস্বামীর দল এডিএমকে ৪৭ এবং তাঁর সহযোগী বিজেপি একটিতে জিতেছে। তাদের আর এক সহযোগী পিএমকে পেয়েছে চারটি। কংগ্রেস আগেই বিজয়কে সমর্থনের কথা ঘোষণা করেছিল। কিন্তু বুধবার রাতে রাজ্যপাল বিশ্বনাথ জানিয়েছিলেন ১১৮ বিধায়কের সমর্থনপত্র না পেলে টিভিকে-কে সরকার গড়ার আমন্ত্রণ জানাবেন না তিনি। এই পরিস্থিতিতে স্ট্যালিনের সহযোগী দুই বাম দল, সিপিএম এবং সিপিআই আর দলিত সংগঠন ভিসিকে শুক্রবার বিজয়কে সমর্থনের কথা ঘোষণা করেছে। তিনটি দলেরই দু’জন করে বিধায়ক রয়েছে। ফলে সংখ্যাগরিষ্ঠতার জাদুসংখ্যা ছুঁয়ে ফেলেছেন বিজয়।