VD Satheesan

কেরলেও মহিলাদের বিনামূল্যে সরকারি বাসে যাতায়াতের সুযোগ, আশাকর্মীদের ৩০০০ টাকা ভাতা বৃদ্ধি করল মন্ত্রিসভা

মুখ্যমন্ত্রী সতীশন আরও ঘোষণা করেন যে, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়ক, স্কুলের রান্নার কর্মী, প্রাক-প্রাথমিক শিক্ষক এবং আয়াদের জন্য মাসিক ভাতা ১০০০ করে বাড়ানো হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ১৫:৫৪
Share:

কেরলের মুখ্যমন্ত্রী ভিডি সতীশন। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পশ্চিমবঙ্গের মতোই কেরলেও এ বার মহিলারা নিখরচায় সরকারি বাসে যাতায়াতের সুযোগ পাবেন। সোমবার কংগ্রেস নেতা ভিডি সতীশন মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরে মন্ত্রিসভার প্রথম বৈঠকে ওই সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে প্রবীণদের জন্য বিশেষ সহায়তা প্রকল্প এবং স্বাস্থ্য দফতরের আশা কর্মীদের ভাতা ৩০০০ টাকা বাড়ানোরও সিদ্ধান্ত হয়েছে ওই বৈঠকে।

Advertisement

মন্ত্রিসভার বৈঠকের পরে মুখ্যমন্ত্রী সতীশন আরও ঘোষণা করেন যে, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়ক, স্কুলের রান্নার কর্মী, প্রাক-প্রাথমিক শিক্ষক এবং আয়াদের জন্য মাসিক ভাতা ১০০০ করে বাড়ানো হবে। তিনি বলেন, ‘‘আমাদের লক্ষ্য কেরলে একটি আদর্শ সভ্য সমাজ গড়ে তোলা।’’ এর পাশাপাশি ২০২৩ সালে যুব কংগ্রেসের ‘নব কেরল যাত্রা’র সময় সংগঠনের নেতা-কর্মীদের উপর হামলার ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে। কংগ্রেসের অভিযোগ, পূর্বতম বামজোটের সরকারের আমলে প্রশাসনিক মদতে ওই হামলা হয়েছিল।

কেরল সরকারের তরফে জানানো হয়েছে, আগামী ২১ মে বিধায়করা শপথ নেবেন। আর ২২ মে স্পিকার পদের নির্বাচন হবে। প্রসঙ্গত, আগামী ১ জুন থেকে পশ্চিমবঙ্গেও সব সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের সুযোগ চালু হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা নতুন পরিবহণ প্রকল্পে নীতিগত অনুমোদন দিয়েছে বলে সোমবার মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। ঘটনাচক্রেস সোমবারই তিরুঅনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে শপথ নেন কেরলেন নতুন মুখ্যমন্ত্রী সতীশন-সহ কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোটের মন্ত্রিসভার ২১ জন সদস্য। শপথবাক্য পাঠ করান কেরলের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর। হাজির ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী বঢরা, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গে প্রমুখ। তিরুবনন্তপুরমে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর রাহুল গান্ধী সতীশন ও তাঁর মন্ত্রিসভাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘‘নতুন সরকার জনগণের কণ্ঠস্বর দ্বারা পরিচালিত হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement