Rajasthan Sisters Death

গণধর্ষণ, ব্ল্যাকমেলের শিকার দুই বোন! দিদির আত্মহত্যার দু’মাস পর আত্মঘাতী বোনও, রাজস্থানের জোধপুরে উত্তেজনা

নির্যাতিতাদের পরিবারের অভিযোগ, চার বছর ধরে বাড়ির জ্যেষ্ঠ কন্যাকে ধর্ষণ এবং নির্যাতনের ছবি তুলে ব্ল্যাকমেল করে টাকা আদায় করা হচ্ছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ১২:৫৭
Share:

প্রতীকী ছবি।

দুই বোনকে গণধর্ষণ এবং ব্ল্যাকমেলের অভিযোগ উঠল রাজস্থানের জোধপুরে। গত মার্চে দিদি আত্মঘাতী হন। তার দু’মাসের মাথায় আত্মঘাতী হলেন বোনও। আর এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে জোধপুরের এক গ্রামে। শুক্রবার ওই তরুণীর দেহ উদ্ধার হয়।

Advertisement

নির্যাতিতাদের পরিবারের অভিযোগ, চার বছর ধরে বাড়ির জ্যেষ্ঠ কন্যাকে ধর্ষণ এবং নির্যাতনের ছবি তুলে ব্ল্যাকমেল করে টাকা আদায় করা হচ্ছিল। অভিযোগ উঠেছে স্থানীয় ই-মিত্র সার্ভিস সেন্টারের এক কর্মী এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। গত ১১ এপ্রিলে পুলিশের কাছে যে অভিযোগ দায়ের করা হয়, সেখানে দাবি করা হয়েছে, ই-মিত্র সেন্টারের এক কর্মী বড় কন্যার গোপনে আপত্তিকর ভিডিয়ো তোলেন। তার পর সেই ভিডিয়ো ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে গত চার বছর ধরে ই-মিত্র সেন্টারের কর্মী এবং তাঁর সঙ্গীরা ধর্ষণ করেন বলে অভিযোগ।

আরও অভিযোগ, বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েও কোনও লাভ হয়নি। এই ঘটনাকে গুরুত্ব দিতে চায়নি পুলিশ। কোনও রকম সহযোগিতা এবং বিচার না পেয়ে শেষে গত ২০ মার্চ আত্মঘাতী হন তরুণী। তাঁর মৃত্যুর পর ওই বাড়ির কনিষ্ঠ কন্যা পুলিশের কাছে ফের অভিযোগ দায়ের করার চেষ্টা করেন। পুলিশ যদি কোনও রকম ব্যবস্থা না নেয়, তা হলে থানার সামনে আত্মঘাতী হবেন বলে হুঁশিয়ারিও দিয়েছিলেন। এফাইআর দায়ের হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। আট জনের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছিলেন তরুণী। কিন্তু তার পর থেকে অভিযুক্তরা ক্রমাগত হুমকি দেওয়া শুরু করেন বলে নির্যাতিতার পরিবারের দাবি। অভিযোগ, কনিষ্ঠ কন্যাকেও ধর্ষণ করে ভিডিয়ো তুলে ব্ল্যাকমেল করা শুরু করেন অভিযুক্তেরা। শুক্রবার বিষ খেয়ে আত্মঘাতী হন ওই তরুণী। এই ঘটনার পর গ্রামবাসীরা থানা ঘেরাও করেন। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বিক্ষোভ দেখান। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকার অভিযোগও উঠেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement