কাশ্মীরের সাফারপোরা থেকে উদ্ধার আইইডি। ছবি: সংগৃহীত।
দিল্লি এবং দেশের বড় শহরগুলিতে পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী লশকর-এ-ত্যায়বা ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণের ছক কষছে, শনিবার গোয়েন্দাদের থেকে এই সতর্কবার্তা এসেছিল। তার মধ্যেই দেশের দুই প্রান্ত থেকে আইইডি উদ্ধারের খবর প্রকাশ্যে এল। তবে জঙ্গি হামলার পরিকল্পনার সঙ্গে এই বিস্ফোরক উদ্ধারের ঘটনার কোন যোগ নেই বলে দাবি করা হয়েছে।
সূত্রের খবর, শুক্রবার পঞ্জাবের অমৃতসরে রায়া থানা এলাকায় একটি পরিত্যক্ত ব্যাগের মধ্যে বিস্ফোরক উদ্ধার হয়। সেই খবর পাওয়ার পরই বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে আইইডি নিষ্ক্রিয় করে। অমৃতসরের পুলিশ সুপার সোহেল কাশিম মীর এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, একটি পুলিশচৌকির সামনে বিস্ফোরক উদ্ধার হয়েছে। পরীক্ষা করে জানা গিয়েছে সেটি আইইডি। তার পর সেই বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়।
অন্য দিকে, কাশ্মীরের গান্ডেরওয়াল জেলার সাফাপোরাতেও আইইডি উদ্ধার হয়। সেনার বম্ব ডিটেকশন স্কোয়াড, জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে আইইডি উদ্ধার হয়। তার পর সেই বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়। প্রসঙ্গত, গত সপ্তাহেও উত্তর কাশ্মীরেও আইইডি উদ্ধার হয়েছিল। গত বৃহস্পতিবার বারামুলার তাংমারাগ রোডেও আইইডি উদ্ধার হয়। ঘটনাচক্রে, শনিবার সকালে গোয়েন্দা সূত্রে খবর আসে দিল্লির লালকেল্লার সংলগ্ন এলাকায়, চাঁদনী চওকের মতো জনবহুল জায়গা, ধর্মীয় এবং পর্যটন স্থানগুলিতে হামলা করতে পারে লশকর জঙ্গিগোষ্ঠী। এ ছাড়াও দেশের বড় শহরগুলিতেও হামলা ছক কষছে তারা। এই সতর্কবার্তা আসার পরই দিল্লিতে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়।
প্রসঙ্গত, গত বছরেরই ১০ নভেম্বর দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে গাড়িবোমা বিস্ফোরণ হয়। সেই ঘটনায় হামলাকারী-সহ ১৩ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছেন অনেকে। সেই হামলার ঘটনায় ‘ডক্টরস মডিউল’-এর হাত ছিল। যাঁদের যোগ পাওয়া গিয়েছে জইশ জঙ্গিগোষ্ঠীর সঙ্গে। সেই ঘটনার তদন্ত এখনও চলছে। তার মধ্যেই আবার রাজধানীর লালকেল্লা-সহ দেশের বড় শহর এবং ধর্মীয়, ঐতিহাসিক, জনবহুল স্থানগুলিতে জঙ্গি হামলার সতর্কতা জারি করেন গোয়েন্দারা।