S Jaishankar on Evacuation from Iran

ইরান থেকে ৫৫০ জন ভারতীয়কে বার করে আনল নয়াদিল্লি! তৃতীয় এক দেশকে ধন্যবাদ জানালেন জয়শঙ্কর

পশ্চিম এশিয়ায় সংঘাতের পরিস্থিতিতে ইরানে যে সকল ভারতীয় আটকে রয়েছেন, তাঁদের সে দেশের সীমান্ত পেরিয়ে আর্মেনিয়ায় চলে আসার অনুরোধ জানিয়েছে ভারত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৯:২১
Share:

হামলায় বিধ্বস্ত ইরান। — ফাইল চিত্র।

যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে ৫৫০ জন ভারতীয়কে এখনও পর্যন্ত বার করে আনা হয়েছে বলে সোমবার জানাল বিদেশ মন্ত্রক। আর্মেনিয়ার মধ্যে দিয়ে তাঁদের যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে বার করে আনা হয়েছে। সে জন্য ওই দেশকে ধন্যবাদ জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

Advertisement

পশ্চিম এশিয়ায় সংঘাতের পরিস্থিতিতে ইরানে যে সব ভারতীয় আটকে রয়েছেন, তাঁদের সে দেশের সীমান্ত পেরিয়ে আর্মেনিয়ায় চলে আসার অনুরোধ জানিয়েছে ভারত। সেখান থেকে তাঁদের দেশে ফেরার ব্যবস্থা করা হচ্ছে। যাঁরা আর্মেনিয়া চলে এসেছেন, তাঁদের মধ্যে ৭০ জনকে রবিবার ভারতে ফিরিয়ে আনা হয়েছে। আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান বিমানবন্দর থেকে বিমানে চাপিয়ে দিল্লিতে আনা হয়েছে তাঁদের।

বিদেশমন্ত্রী জয়শঙ্কর এখন ব্রাসেলসে রয়েছেন। সেখান থেকে তিনি জানান, ইরান থেকে এখন পর্যন্ত ৫৫০ জন ভারতীয়কে নিরাপদে বার করে আনতে সাহায্য করার জন্য আর্মেনিয়া এবং সেখানকার বাসিন্দাদের ধন্যবাদ। সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘‘এই কঠিন সময়ে সাহায্য করার জন্য তাঁদের প্রশংসা করছি।’’

Advertisement

যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার আগে ইরানে প্রায় ৯,০০০ ভারতীয় ছিলেন। তাঁদের বেশির ভাগই পড়ুয়া। এই ভারতীয়দের মধ্যে জম্মু ও কাশ্মীরের বাসিন্দাই বেশি। এ ছাড়া উত্তরপ্রদেশ এবং অন্য কিছু রাজ্যের বাসিন্দারাও রয়েছেন। ইরানের রাজধানী তেহরান এবং সেখান থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে কোম— এই দুই শহরেই সবচেয়ে বেশি প্রবাসী ভারতীয়দের বাস। তাঁদের ইরান থেকে আজ়ারবাইজ়ান এবং আর্মেনিয়ায় আসতে বলা হয়েছে। যাঁরা এসেছেন, তাঁদের দেশে ফেরানোর ব্যবস্থা করছে ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement