Tourist Visa for Bangladeshi

প্রায় দু’বছর পর বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালু করছে ভারত, দায়িত্ব নিয়েই ঘোষণা রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর

২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশিদের পর্যটন ভিসা দেওয়া বন্ধ রেখেছিল ভারত। তবে নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে চিকিৎসা ভিসা এবং বাণিজ্য ভিসা দেওয়া হচ্ছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ১৬:৪৩
Share:

(বাঁ দিকে) বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী এবং বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন (ডান দিকে)। বৃহস্পতিবার ঢাকার বঙ্গভবনে। ছবি: সংগৃহীত।

বাংলাদেশের নাগরিকদের জন্য ফের পর্যটন ভিসা চালু করার কথা জানাল ভারত। বৃহস্পতিবার ঢাকার ভারতীয় ভিসাকেন্দ্রে সাংবাদিক সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশে ভারতের নবনিযুক্ত রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। দীনেশ জানান, আগামী রবিবার (২৮ জুন) থেকে বাংলাদেশিদের জন্য ফের পর্যটন ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও স্বাভাবিক করার চেষ্টা হিসাবেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি।

Advertisement

২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশিদের পর্যটন ভিসা দেওয়া বন্ধ রেখেছিল ভারত। তবে নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে চিকিৎসা ভিসা এবং বাণিজ্য ভিসা দেওয়া হচ্ছিল। এ বার পর্যটন ভিসা দেওয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ প্রত্যাহার করে নিল নয়াদিল্লি। এর ফলে বাংলাদেশের নাগরিকেরা বৈধ ভিসা নিয়ে ভারতে ফের বেড়াতে আসতে পারবেন।

বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দীনেশ। প্রথামাফিক তাঁর হাতে নিজের পরিচয়পত্র পেশ করে রাষ্ট্রদূত হিসাবে আনুষ্ঠানিক ভাবে কাজ শুরু করেন তিনি। দীনেশ জানিয়েছেন, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এবং খুলনার ভিসাকেন্দ্র থেকে পর্যটন ভিসা দেওয়ার কাজ শুরু হবে। দীনেশ জানান, তিনি যখন বেনাপোল সীমান্ত ধরে বাংলাদেশে যান, তখনই ভিসার প্রশ্নটি উঠেছিল। ভিসার মতো জরুরি বিষয় নিয়ে তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

Advertisement

গত এপ্রিল মাসে কেন্দ্র দীনেশকে বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীনেশই প্রথম রাজনৈতিক ব্যক্তিত্ব, যাঁকে বাংলাদেশের রাষ্ট্রদূত করা হয়েছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে কংগ্রেস, জনতা দল, তৃণমূল থেকে বিজেপির মতো দলে থেকে রাজনীতি করেছেন তিনি। চলতি মাসে স্ত্রী মিনাল ত্রিবেদীকে নিয়ে ঢাকার মাটিতে পা রেখে বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূত বলেছিলেন, ‘‘এখানে এসে খুবই ভাল লাগছে। ভারত ও বাংলাদেশ দুই উন্নত গণতান্ত্রিক দেশ। এই দুই গণতন্ত্র একত্রে কাজ করলে গোটা পৃথিবীর কাছে তা দৃষ্টান্তমূলক হয়ে উঠবে।’’ এর আগে বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত ছিলেন প্রণয় বর্মা। তাঁরই স্থলাভিষিক্ত হয়েছেন দীনেশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement