ইরানের হামলায় তেল আভিভে ভেঙে পড়েছে বহুতল। ছবি: রয়টার্স।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এ বার ইজরায়েলে আহত হয়েছেন এক ভারতীয়। প্রশাসনের সূত্রে জানা গিয়েছে, রবিবার ক্ষেপণাস্ত্রের ধারালো টুকরো ওই ব্যক্তির গলায় ঢুকে গিয়েছে। তেল আভিভের একটি হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন। সেখানে তাঁর অস্ত্রোপচার হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই ভারতীয়ের অবস্থা এখন স্থিতিশীল। রবিবার সৌদি আরবেও এক ভারতীয় জখম হন।
তেল আভিভের ইচিলোভ হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, রবিবার আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে আনা হয়েছিল হাসপাতালে। তাঁর গলায় ক্ষত ছিল। দীর্ঘ ক্ষণ ধরে তাঁর অস্ত্রোপচার হয়। তেল আভিভে ভারতীয় দূতাবাসের আধিকারিক তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। সেখানকার অন্য ভারতীয়দের সঙ্গেও যোগাযোগ করে দূতাবাসের তরফে সতর্ক করা হয়েছে।
ইরানের হানায় সৌদি আরবেও জখম হয়েছেন এক ভারতীয়। আগে শোনা গিয়েছিল, সেখানে এক ভারতীয়ের মৃত্যু হয়েছে। পরে সৌদির তরফে বিবৃতি সংশোধন করে জানানো হয়, ক্ষেপণাস্ত্র হামলায় কোনও ভারতীয় নিহত হননি, জখম হয়েছেন। রিয়াধের ভারতীয় দূতাবাস থেকে জানানো হয়, তিনি সৌদির হাসপাতালে ভর্তি রয়েছেন। দূতাবাসের এক শীর্ষ আধিকারিক রবিবার রাতেই হাসপাতালে গিয়ে জখম ভারতীয়ের সঙ্গে দেখা করেছেন।
২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালাচ্ছে আমেরিকা এবং ইজ়রায়েল। পশ্চিম এশিয়ার যে সব দেশে আমেরিকার ঘাঁটি রয়েছে, সেখানে প্রত্যাঘাত শুরু করে তেহরান। ওই সব দেশে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা জারি করেছে নয়াদিল্লির দূতাবাস।