— প্রতীকী চিত্র।
পহেলগাঁও হামলার পরে জম্মু ও কাশ্মীরে বন্ধ হয়ে গিয়েছিল বেশ কিছু পর্যটনস্থল। তার মধ্যে ১৪টি পর্যটনস্থল সোমবার খুলে দেওয়ার নির্দেশ দিলেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিংহ।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ গিয়েছিল ২৬ জনের। বেশির ভাগই ছিলেন পর্যটক। তার পরে জম্মু ও কাশ্মীরে প্রায় ৫০টি পর্যটনস্থল বন্ধ করে দেয় উপরাজ্যপালের প্রশাসন। সোমবার উপরাজ্যপালের দফতরের তরফে এক্স অ্যাকাউন্টে জানানো হয়েছে, ‘নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে আমি জম্মু ও কাশ্মীরের বেশির ভাগ পর্যটনস্থল খুলে দেওয়ার নির্দেশ দিয়েছি। নিরাপত্তার স্বার্থে সেগুলি সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছিল।’
এর আগে গত সেপ্টেম্বরে জম্মু ও কাশ্মীরের ১২টি পর্যটনস্থল পর্যটকদের জন্য খুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল প্রশাসন। সোমবারের নির্দেশের পরে কাশ্মীরের মোট ২৬টি পর্যটনস্থলে যেতে পারবেন পর্যটকেরা। উপরাজ্যপাল জানিয়েছেন, কাশ্মীরের ইউসমার্গ, দুধপাথরি, কোকেরনাগের দাণ্ডিপোরা পার্ক, পির কি গলি, ডাবজান, শোপিয়ানের পারপওয়ান, অষ্টনপোরা, শ্রীনগরের টিউলিপ বাগান, থাজওয়াস হিমবাদ, গান্দেরবালের হাঙ্গ পার্ক, উল্লার, বারামুল্লার ওয়াতলব শীঘ্রই খুলে দেওয়া হচ্ছে। জম্মুর রিয়াসির দেবী পিণ্ডি, রাম্বানের মাহু মাঙ্গত, কিশ্তওয়ারের মুঘল ময়দানও খুলে দেওয়া হচ্ছে। বরফ গলে গেলে কাশ্মীরের গুরেজ়, আথওয়াতু, বাঙ্গুস এবং জম্মুর রামকুণ্ডও খুলে দেওয়া হবে।