এন রঙ্গস্বামী। ছবি: সংগৃহীত।
পাঁচ বিধানসভা নির্বাচনে সবচেয়ে কম আলোচনা পুদুচেরি নিয়ে। রাজনৈতিক শিবিরের কম আগ্রহের কারণ পুদুচেরি রাজ্যই নয়। কেন্দ্রশাসিত অঞ্চল। তবে বিধানসভা রয়েছে। যেমন, দিল্লি বা অধুনা জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হলেও তার বিধানসভা রয়েছে। কিন্তু ভোটারের সংখ্যা মাত্র ১০ লক্ষের মতো। বিধানসভার আসন মাত্র তেত্রিশটি। তার মধ্যে ত্রিশটি আসনে ভোট হয়। বাকিরা মনোনীত বিধায়ক।
সোমবার পাঁচ বিধানসভা ভোটের ফলের দিকে তাকিয়ে পঁচাত্তর বছরের এক রাজনীতিক পঞ্চমবার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন।
এন রঙ্গস্বামী। পুদুচেরির মুখ্যমন্ত্রী। তাঁকে অনেকে বলেন, ‘জুনিয়র কামরাজ’। কারণ তাঁর রাজনৈতিক ও প্রশাসনিক কাজের ধরন অনেকটাই তামিলনাড়ুর প্রবাদপ্রতিম নেতা কে কামরাজের মতো। গুণমুগ্ধরা তাঁকে ‘মক্কল মুধলবর’ বা ‘জনগণের মুখ্যমন্ত্রী’ বলেও ডাকেন। প্রাতঃভ্রমণের পরে তিনি এখনও চায়ের দোকানে আড্ডা দিতে দাঁড়িয়ে পড়েন।
রঙ্গস্বামী প্রথমবার পুদুচেরির মুখ্যমন্ত্রী হয়েছিলেন ২০০১ সালে। তিনি তখন কংগ্রেসে। আবার ২০০৬-এ তিনি গদিতে ফিরলেন। কিন্তু অন্তর্দ্বন্দ্বের জেরে দু’বছরের মুখে গদি ছাড়তে হল। ২০১১ সালে তিনি নতুন দল গড়লেন। অল ইন্ডিয়া এন আর কংগ্রেস। সেই বছরই ভোটে জিতে ফের মুখ্যমন্ত্রী হলেন। ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত তিনি বিরোধী দলনেতা ছিলেন। তার পরে ২০২১-এ ক্ষমতায় ফিরে গত পাঁচ বছরে আবার মুখ্যমন্ত্রী থেকেছেন।
এই পাঁচ বছরে রঙ্গস্বামীর নজর ছিল সমাজকল্যাণ প্রকল্পের দিকে। ভোটের আগের বাজেটে তিনি সরকারি স্কুল থেকে কলেজে পড়তে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য ১ হাজার টাকার মাসিক অনুদানের ঘোষণা করেছেন। গরিব পরিবারে কন্যাসন্তান জন্মের পরে তাঁর সরকার এত দিন তার নামে ৫০ হাজার টাকার ফিক্সড ডিপোজিট করে দিত। ভোটের আগে পুদুচেরির মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, পঞ্চমবার ক্ষমতায় ফিরলে তা দ্বিগুণ করে ১ লক্ষ টাকা হবে। তাঁর মাথাব্যথা অবশ্য জোট সঙ্গী বিজেপি-কে নিয়ে। বিজেপি তাঁকে ভর করে পুদুচেরিতে শক্তি বাড়াতে চাইছে। এত দিন তিনি বিজেপির উপমুখ্যমন্ত্রী পদের দাবি ঠেকিয়ে রেখেছেন। এ বার আর পারবেন কি না, সেই প্রশ্ন তৈরি হয়েছে। কংগ্রেস শিবির অবশ্য আশা করছে, তামিলনাড়ুতে ডিএমকে-কংগ্রেস ভাল ফল করলে তার ধাক্কা পুদুচেরিতেও লাগবে। বিজেপি নেতৃত্ব অবশ্য নিশ্চিত, রঙ্গস্বামীর নেতৃত্বে পুদুচেরিতে এনডিএ সরকারই ক্ষমতায় ফিরছে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে