Punjab Assembly Special Session

‘মত্ত অবস্থায় বিধানসভায় গিয়েছেন মুখ্যমন্ত্রী মান’, অভিযোগ কংগ্রেসের, ‘ডোপ টেস্ট’ করানোর দাবি ওড়াল আপ

স্পিকারকে চিঠি লিখে ভগবন্তের বিরুদ্ধে অভিযোগ করেছেন পঞ্জাবে বিরোধী দলনেতা প্রতাপ সিংহ বাজওয়া। পঞ্জাবের মুখ্যমন্ত্রীর আচরণ নিয়ে চিঠিতে ‘উদ্বেগ’ প্রকাশ করেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মে ২০২৬ ২২:৫৩
Share:

ভগবন্ত মান। — ফাইল চিত্র।

পঞ্জাবে বিরোধী কংগ্রেসের অভিযোগ, মত্ত অবস্থায় বিধানসভায় গিয়েছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তাঁর ‘ডোপ টেস্ট’ করানোর দাবি তুলেছেন কংগ্রেসের বিধায়কেরা। কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে বিজেপিও। পঞ্জাবের শাসকদল আম আদমি পার্টি (আপ) যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে। সেই নিয়ে শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে পঞ্জাব বিধানসভা বিশেষ অধিবেশন। যদিও স্পিকার কংগ্রেসের দাবি মানেননি। তার মধ্যেই আস্থা ভোটে জয়ী হয়েছে আপ। তার পরেই মান জানিয়ে দিয়েছেন, এ থেকে স্পষ্ট দলে কোনও অস্থিরতা নেই।

Advertisement

শুক্রবার পঞ্জাব বিধানসভায় ছিল বিশেষ অধিবেশন। তা আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে। মুখ্যমন্ত্রী মান ‘মত্ত’ অবস্থায় সেখানে প্রবেশ করেন বলে অভিযোগ করে বিরোধীরা। স্পিকারকে চিঠি লিখে ভগবন্তের বিরুদ্ধে অভিযোগ করেছেন পঞ্জাবে বিরোধী দলনেতা প্রতাপ সিংহ বাজওয়া। পঞ্জাবের মুখ্যমন্ত্রীর আচরণ নিয়ে চিঠিতে ‘উদ্বেগ’ প্রকাশ করেছেন তিনি। একটি ঘটনার কথা উল্লেখ করে লিখেছেন, সময়মতো ব্যবস্থা করা না হলে মানুষের আস্থা ধাক্কা খাবে। চিঠিতে তিনি পঞ্জাবের মুখ্যমন্ত্রীর ডোপ টেস্ট করানোর দাবিও করেছেন। তিনি লিখেছেন, বিরোধীদের অভিযোগের জবাব না দিয়েই সভাকক্ষ ত্যাগ করেছেন ভগবন্ত। এই নিয়ে স্পিকারের হস্তক্ষেপও দাবি করেছেন তিনি।

পঞ্জাবে আপের প্রধান তথা মন্ত্রী আমন অরোরা সংবাদসংস্থা পিটিআই-কে বলেন, ‘‘কংগ্রেস ভিত্তিহীন অভিযোগ করছে, যা দুর্ভাগ্যজনক। হাউসের মানহানি হচ্ছে, কর্মীদের আঘাতে নুনের ছিটে দেওয়া হচ্ছে।’’

Advertisement

পঞ্জাব বিজেপির প্রধান সুনীল জাখর যদিও অনড়। তিনি দাবি করেন, ভগবন্তের ‘ডোপ টেস্ট’ করানো হোক। প্রয়োজনে সব বিধায়কেরই তা করা হোক। এ ভাবে বাবাসাহেব অম্বেডকরের সংবিধানেরও অপমান করা হচ্ছে বলে জানান তিনি। আপ-ত্যাগী স্বাতী মালিওয়ালও আঙুল তুলেছেন ভগবন্তের দিকে। তিনি দাবি করেছেন, ‘মত্ত’ অবস্থায় বিধানসভায় গিয়েছেন মান। যদিও আপ এই অভিযোগ মানেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement