Storm in UP

শক্তিশালী ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশের ৩০ জেলা! ২৪ ঘণ্টায় মৃত ১০০, আহত অনেকে, সবচেয়ে বেশি মৃত্যু প্রয়াগরাজে

প্রশাসন সূত্রে খবর, ঝড়বৃষ্টির দাপটে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে প্রয়াগরাজ, প্রতাপগড়, ভদোহী, ফতেহপুর, উন্নাও, কানপুর দেহাত, চন্দৌলী, সোনভদ্র এবং বদায়ুঁতে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১১:৩১
Share:

বরেলীতে ঝড় উড়িয়ে নিয়ে যাচ্ছে এক ব্যক্তিকে। গুরুতর জখম তিনি। ছবি: সংগৃহীত।

ঝড়বৃষ্টিতে লন্ডভন্ড অযোধ্যা, বারাণসী এবং গাজ়িয়াবাদ-সহ উত্তরপ্রদেশের ৩০ জেলা। কোথাও ৬০-৭০ কিলোমিটার বেগে ঝড়, তার সঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। আর এই ঝড়বৃষ্টির কারণে গত ২৪ ঘণ্টায় রাজ্য জুড়ে মৃত্যু হয়েছে ১০০ জনের। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি ৫০ জনেরও বেশি। বরেলীতে ঝড় টিনের একটি ছাউনি-সহ এক ব্যক্তিকে ৪৫ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গিয়ে ১০০ মিটার দূরে ফেলে। গুরুতর জখম হয়ে সেই ব্যক্তি হাসপাতালে ভর্তি।

Advertisement

প্রশাসন সূত্রে খবর, ঝড়বৃষ্টির দাপটে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে প্রয়াগরাজ, প্রতাপগড়, ভদোহী, ফতেহপুর, উন্নাও, কানপুর দেহাত, চন্দৌলী, সোনভদ্র এবং বদায়ুঁ জেলায়। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধারকাজ চলছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলা প্রশাসনগুলিকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন। আহতদের চিকিৎসা এবং মৃতদের পরিবারগুলিকে সব রকম ভাবে সহযোগিতা করার কথা বলেছেন।

রাজ্য প্রশাসন জানিয়েছে, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে প্রয়াগরাজে। সেখানে ২১ জন মারা গিয়েছেন। তার পরেই রয়েছে ভদোহী। সেখানে মৃত্যু হয়েছে ১৮ জনের। ফতেহপুরে মৃত ৯, বদায়ুঁতে ৫, প্রতাপগড়ে ৪, চন্দৌলী এবং কুশীনগরে দু’জন করে মারা গিয়েছেন। সোনভদ্রে এক জনের মৃত্যু হয়েছে। তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রয়াগরাজ। সেখানে হন্ডিয়া এলাকায় সাত জনের মৃত্যু হয়েছে। ঝড়ের কবলে ফুলপুরে তিন জন, সোরাঁওয়ে তিন, মেজায় দু’জন এবং সদরে এক জনের মৃত্যু হয়েছে।

Advertisement

শুধু ঝড় নয়, ৩০টি জেলায় গত ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিও হয়েছে। মথুরা, উন্নাও এবং প্রয়াগরাজে ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টিও হয়েছে। গাছপালা, বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর কাঁচাবাড়ি। এ ছাড়াও ফসলের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন জেলায়। গবাদি পশুরও মৃত্যু হয়েছে কোনও কোনও জেলায়। দেওরিয়া, বারাবঁকী, সীতাপুরে ২০০০ গ্রাম বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমি ঝঞ্ঝার কারণে ঝড়বৃষ্টি হয়েছে। তবে শুক্রবার থেকে আবার বুন্দেলখণ্ড অঞ্চলে এবং রাজ্যের দক্ষিণ প্রান্তে তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement