পবন খেরা। — ফাইল চিত্র।
এ বার হয়তো কংগ্রেসের জনসংযোগ দফতরের চেয়ারম্যান পবন খেরার ‘তপস্যার ফল’ মিলতে চলেছে। অসমের ভোটের সময় পবন খেরা মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় অসম পুলিশ খেরার বাড়িতে হানা দিয়েছিল। আদালতে গিয়ে জামিন নিয়ে গ্রেফতারি এড়াতে হয়েছিল খেরাকে। সেই তাঁকে এ বার রাজ্যসভায় নিয়ে আসতে পারে কংগ্রেস।
শুক্রবার রাহুল গান্ধীর দূত হিসেবে তেলঙ্গানার কংগ্রেস সরকারের উপমুখ্যমন্ত্রী মাল্লু ভাট্টি বিক্রমার্ক এবং কে রাজু রাঁচীতে গিয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের সঙ্গে বৈঠক করেছেন। আসন্ন রাজ্যসভা নির্বাচনে ঝাড়খণ্ড থেকে জেএমএম দু’টি আসন জিততে পারে। তার একটি কংগ্রেসকে ছাড়ার জন্য অনুরোধ করা হয়েছে। সে ক্ষেত্রে শীলা দীক্ষিত দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর রাজনৈতিক সচিব পবন খেরা ঝাড়খণ্ড থেকে রাজ্যসভায় আসতে পারেন। অতীতে খেরার রাজ্যসভার যাওয়ার চেষ্টা অসফল হওয়ায় তিনি বলেছিলেন, হয়তো তপস্যায় খামতি থেকে গিয়েছে।
সূত্রের খবর, কর্নাটক থেকে দলের সভাপতি মল্লিকার্জুন খড়্গে, সিদ্দারামাইয়া এবং অন্ধ্রের প্রদেশ কংগ্রেস সভানেত্রী ওয়াই এস শর্মিলাকে রাজ্যসভায় প্রার্থী করতে পারে কংগ্রেস। মধ্যপ্রদেশ থেকে কমল নাথ বা মীনাক্ষি নটরাজনের নাম রয়েছে। তামিলনাড়ুতে টিভিকে-র সমর্থন নিয়ে একটি আসন কংগ্রেসের ঝুলিতে যাবে। সে ক্ষেত্রে তামিলনাড়ুতে কংগ্রেসের পাঁচ জন বিধায়ক নিয়ে দু’জন মন্ত্রী, তিন জন সাংসদ হবে। এর সঙ্গে মহারাষ্ট্র, অসম, তামিলনাড়ু, হরিয়ানায় এআইসিসি-র পর্যবেক্ষক পদে নতুন মুখ আনা হবে। কর্নাটক-সহ অন্তত তিনটি রাজ্যে প্রদেশ সভাপতি বদল করা হবে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে