Death Wish on 20 Rupee Note

‘হে ঈশ্বর, কাকিমাকে তুলে নাও’! ২০ টাকার নোটে আত্মীয়ের মৃত্যুকামনা পুণ্যার্থীর, মন্দিরের দানবাক্স থেকে উদ্ধার

মন্দিরের কর্মীরা প্রথমে বিষয়টি ঠিক মতো বুঝতে পারেননি। কিন্তু ভাল করে লেখাটি পড়ার পর স্তম্ভিত হয়ে যান। তাঁরা সঙ্গে সঙ্গে সেই টাকার ছবি তুলে সমাজমাধ্যমে ছড়িয়ে দেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ১৭:০৩
Share:

দানবাক্সে উদ্ধার হওয়া সেই টাকা। ছবি: সংগৃহীত।

কাকিমার যেন খুব তাড়াতাড়ি মৃত্যু হয়। মন্দিরের দানবাক্সে রাখা ২০ টাকার নোটে এমনই একটি লেখাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কোনও এক পুণ্যার্থী তাঁর আত্মীয়ের দ্রুত মৃত্যু কামনা করে বিগ্রহের কাছে দক্ষিণা দিয়ে গিয়েছেন। সাধারণত, মন্দির বা কোনও ধর্মীয় স্থলে গিয়ে কুশল-মঙ্গল কামনাই করে থাকেন পুণ্যার্থীরা। মনস্কামনা যাতে পূরণ হয়, তার জন্যও ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। কিন্তু ঈশ্বরের কাছে মৃত্যুকামনা করে প্রার্থনা করার বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।

Advertisement

ঘটনাটি অন্ধ্রপ্রদেশের। অনন্তপুর জেলার সুব্রহ্মণ্যস্বামী মন্দিরের দানবাক্স থেকে মন্দির কর্তৃপক্ষ যখন দানের টাকাপয়সা সংগ্রহ করছিলেন, সেই সময় ২০ টাকার নোটে লেখা দেখতে পান তাঁরা। মন্দির কর্তৃপক্ষের দাবি, টাকার নোটে লেখা ছিল, ‘‘স্বামী, কাকিমার অত্যাচার আর সহ্য করতে পারছি না। দ্রুত যেন ওর মৃত্যু হয়।’’

মন্দিরের কর্মীরা প্রথমে বিষয়টি ঠিক মতো বুঝতে পারেননি। কিন্তু ভাল করে লেখাটি পড়ার পর স্তম্ভিত হয়ে যান। তাঁরা সঙ্গে সঙ্গে সেই টাকা এবং তাতে লেখা অজ্ঞাতপরিচয় পুণ্যার্থীর মনস্কামনার ছবি তুলে সমাজমাধ্যমে ছড়িয়ে দেন। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই ধরনের ঘটনা এই প্রথম দেখলেন তাঁরা। এর আগেও দানবাক্স থেকে টাকা সংগ্রহ করা হয়েছে। তাঁদের দাবি, এমন ইচ্ছা জানিয়ে লেখা কোনও টাকা আগে কখনও উদ্ধার হয়নি। বিষয়টি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তে জোর চর্চা শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement