ইনদওরে বৈদ্যুতিক গাড়ি চার্জ দেওয়ার সময় অগ্নিকাণ্ড। ছবি: পিটিআই।
বৈদ্যুতিক গাড়ির চার্জ দেওয়ার পয়েন্টে বিস্ফোরণ! সেই বিস্ফোরণ থেকে আগুন ছড়াল বহুতলে। মধ্যপ্রদেশের ইনদওরে এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ন’জনের মৃত্যুর খবর মিলেছে। তাঁদের মধ্যে তিন জন শিশু। অন্য দিকে, দিল্লিরও এক বহুতলে অগ্নিকাণ্ড। বুধবার সকালে দক্ষিণ-পশ্চিম দিল্লির পালাম মেট্রো স্টেশনের কাছে ওই বহুতলে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলবাহিনী। আগুনের তীব্রতা এতটাই যে, তা নিয়ন্ত্রণে আনতে দমকলের প্রায় ৩০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে বলে খবর। দিল্লির দমকল বাহিনী জানিয়েছে, অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও অনেকে।
জানা গিয়েছে, বুধবার ভোরে ইনদওরের বেঙ্গলি স্কোয়্যারের কাছে গ্রেটার ব্রিজেশ্বরী কলোনির এক বহুতলে আগুন লাগে। ওই বহুতলের নীচে একটি বৈদ্যুতিক গাড়ি চার্জ দেওয়ার সময় বিপত্তি ঘটে। অনুমান, চার্জ দেওয়ার সময় শর্ট সার্কিট থেকে প্রথমে বিস্ফোরণ হয়। আগুন ধরে যায় গাড়িতে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বহুতলে। ওই বহুতলে থাকা গ্যাস সিলিন্ডারগুলি ফাটতে শুরু করে। ফলে আগুন আরও ছড়িয়ে পড়ে।
প্রতিবেশীদের কথায়, ‘‘আগুন লাগার সঙ্গে সঙ্গে সিলিন্ডারগুলিতে বিস্ফোরণ হতে শুরু করে। বিস্ফোরণে শব্দ বহু দূর পর্যন্ত শোনা গিয়েছে। অনেকের ঘুম ভেঙেছে এই বিস্ফোরণের শব্দে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বাড়ির একটা অংশ ভেঙে পড়ে।’’ ওই বাড়ির মালিক মনোজ পুগালিয়া। রবারের ব্যবসা করেন। আগুনে মৃত্যু হয়েছে তাঁর। এ ছাড়াও, তাঁর পুত্রবধূ এবং বিহার থেকে বাড়িতে আসা ছ’জন আত্মীয়েরও মৃত্যু হয়েছে অগ্নিকাণ্ডে। চার জন গুরুতর জখম। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দিল্লির বহুতলে আগুন। ছবি: পিটিআই।
জানা গিয়েছে, ওই বাড়িতে ডিজিটাল লক ছিল। কিন্তু আগুন লাগার কারণে বিদ্যুৎবিভ্রাট হয়। ফলে কাজ করেনি ওই লক। বাসিন্দারাও আটকে পড়েন বহুতলের মধ্যেই।
অন্য দিকে, বুধবার সকাল ৭টা নাগাদ দিল্লির পালাম মেট্রো স্টেশনের কাছে শ্রীরাম চকের ২ নম্বর গলিতে একটি বহুতলে আগুন লাগে। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একের পর এক ইঞ্জিন। তবে সকাল ১১টা পর্যন্তও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুন দ্রুত ছড়াতে থাকে গোটা ভবনে। কী ভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়। দমকল জানিয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পরই আগুন লাগার কারণ জানা সম্ভব হবে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থায় আশঙ্কাজনক।