(বাঁ দিক থেকে) যন্তরমন্তরে অনশনমঞ্চে সিজেপি-র মুখপাত্র সৌরভ দাস, সোনম ওয়াংচুক এবং সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ছবি: পিটিআই।
ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নফাঁসে কেন্দ্রের নীরবতা নিয়ে আগেই মুখ খুলেছিলেন লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুক। হুঁশিয়ারি দিয়েছিলেন, কেন্দ্রীয় সরকার যদি ২৭ জুনের মধ্যে কোনও জবাব না-দেয় তবে অনশনে বসবেন তিনি। কেন্দ্রের কাছে প্রত্যাশিত কোনও উত্তর না-মেলায় রবিবার দিল্লির যন্তরমন্তরে অনশন শুরু করলেন ওয়াংচুক।
ওয়াংচুকের অনশনকে সমর্থন জানিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’। রবিবার সকালে ‘ককরোচ’ দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের সঙ্গে ওয়াংচুক রাজঘাটে যান। সেখানে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য জানান তাঁরা। তার পরে যন্তরমন্তরে অনশনে বসেন ওয়াংচুক। তাঁর অনশনের সমর্থনে শত শত যুবক এবং পড়ুয়ারা জড়ো হয়েছিলেন। বেশ কয়েক জন কৃষকনেতাও উপস্থিত ছিলেন ওয়াংচুকের অনশন মঞ্চে।
নিট-বিতর্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ২০ জুন থেকে যন্তরমন্তরে প্রতিবাদ কর্মসূচি চালিয়েছে যাচ্ছে ‘ককরোচ’ দল। সেই মঞ্চ থেকে দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ জানিয়েছেন, তাঁদের আন্দোলন শুধু একটি পরীক্ষায় সীমাবদ্ধ নয়। বরং শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা এবং আস্থা নিয়ে দেশ জুড়ে যে উদ্বেগ তৈরি হয়েছে তার প্রতিফলন। প্রশ্নফাঁসের কারণে মহারাষ্ট্রে টেট বাতিল নিয়েও সরব হয়েছেন অভিজিৎ। তাঁর দাবি, প্রতিযোগিতামূলক পরীক্ষার সততা নিশ্চিত করতে সরকারের ব্যর্থতা আরও একবার প্রমাণিত হল।
‘ককরোচ’ দলের সমর্থনে নিট-বিতর্কে অতীতে বার বার মুখ খুলতে দেখা গিয়েছে ওয়াংচুককে। গত ৬ জুন যন্তরমন্তরে ‘ককরোচ’ দল যে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল, সেখানেও উপস্থিত ছিলেন এই রামন ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ তথা পরিবেশকর্মী। ওই বিক্ষোভের কারণে অভিজিৎকে গ্রেফতার করা হতে পারে, এমন আশঙ্কাও তৈরি হয়েছিল। সে সময়েও ওয়াংচুক জানিয়েছিলেন, যদি এমন হয় তবে তিনি অনশন শুরু করবেন।
গত বৃহস্পতিবার এক ভিডিয়োবার্তায় যন্তরমন্তরে অনশনে বসার কথা জানান ওয়াংচুক। ভিডিয়োবার্তায় তিনি দু’টি বিষয়ে কেন্দ্রের জবাবদিহি চান। প্রথমটি নিটের প্রশ্নফাঁস দুর্নীতি এবং দ্বিতীয়টি লাদাখের পরিবেশ, সংস্কৃতি রক্ষা, সেখানকার মানুষের উন্নয়ন। সরকারকে এই দুই বিষয়েই দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়েছিলেন ওয়াংচুক। শনিবার পর্যন্ত জবাবদিহির সময়ও বেঁধে দিয়েছিলেন তিনি। সরকারের তরফে কোনও প্রতিক্রিয়া না-মেলায় রবিবার থেকে কথামতো অনশন শুরু করলেন ওয়াংচুক।