Supreme Court on Indian Railways

রাজ্যকে সারচার্জ না দিয়ে বাইরে থেকে বিদ্যুৎ কিনতে পারবে না রেল, রায় ঘোষণা করে বলল সুপ্রিম কোর্ট

রেলের মতো বড় গ্রাহকদের রাজ্যের সংস্থার কাছ থেকে বিদ্যুৎ কেনা উচিত। না হলে রাজ্যের বিদ্যুৎ সংস্থা ক্ষতির মুখে পড়বে। কারণ— বড় গ্রাহকদের বিদ্যুৎ বিক্রি করে বেশি টাকা আয় হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১৯:২৩
Share:

—প্রতীকী ছবি।

রাজ্যকে অতিরিক্ত টাকা না-দিয়ে বেসরকারি সংস্থার কাছ থেকে বিদ্যুৎ কিনতে পারবে না ভারতীয় রেল। সস্তায় বাইরের সংস্থা থেকে বিদ্যুৎ নিতে হলে বড় গ্রাহক হিসাবে রেলকে অতিরিক্ত টাকা কর হিসাবে দিতে হবে। রায় ঘোষণা করে জানাল সুপ্রিম কোর্ট। বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার রায়, রেল বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নয়। তারা বিদ্যুৎ কেনে অর্থাৎ, গ্রাহক। বড় গ্রাহক হিসাবে রেলের টাকায় অনেক গরিব মানুষ বিদ্যুতে ভর্তুকি পান। এ বার তারা বাইরে থেকে বিদ্যুৎ কিনতে চাইলে অতিরিক্ত টাকা দিতে হবে।

Advertisement

স্টেশন এবং ট্রেন চালানোর জন্য প্রচুর পরিমাণে বিদ্যুৎ ব্যবহার করে রেল। আগে রাজ্যের বিদ্যুৎ সংস্থাগুলি থেকেই তারা বিদ্যুৎ নিত। কেন্দ্রের নতুন নিয়মে বলা হয়েছে, বড় গ্রাহকেরা চাইলে অন্য কোম্পানি থেকেও বিদ্যুৎ কিনতে পারে। সেই অনুযায়ী রেল রাজ্যকে এড়িয়ে সরাসরি অন্য কোম্পানি থেকে বিদ্যুৎ কিনতে চাইছে। তারা মনে করছে, অন্য সংস্থার কাছ থেকে কম দামে বিদ্যুৎ পাওয়া যাবে।

রেলের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ-সহ অনেক রাজ্য আপত্তি জানায়। তাদের বক্তব্য, রেলের মতো বড় গ্রাহকদের রাজ্যের সংস্থার কাছ থেকে বিদ্যুৎ কেনা উচিত। না হলে রাজ্যের বিদ্যুৎ সংস্থা ক্ষতির মুখে পড়বে। কারণ— বড় গ্রাহকদের বিদ্যুৎ বিক্রি করে বেশি টাকা আয় হয়। সেই টাকায় গরিব বা কৃষকদের কম দামে বিদ্যুৎ দেওয়া যায়। তবে রেল চাইলে রাজ্যকে বাদ দিয়ে বাইরের সংস্থা থেকে বিদ্যুৎ কিনতে পারে। সে ক্ষেত্রে রেলকে অতিরিক্ত দু’টি কর দিতে হবে। ‘ক্রস সাবসিডি সারচার্জ’ এবং অতিরিক্ত চার্জ দিতে হবে রেলকে।

Advertisement

রেলের যুক্তি, বড় গ্রাহকদের জন্য ওই নিয়ম সত্যিই প্রযোজ্য। কিন্তু কোনও বিদ্যুৎ বিতরণকারী সংস্থার ক্ষেত্রে ওই নিয়ম কার্যকর হবে না। কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের স্বয়ংক্রিয় ভাবে বিদ্যুৎ বিতরণকারী সংস্থা হিসাবে ধরা হয়। তার মধ্যে রেলও পড়ে। তাদের নিজস্ব বিদ্যুৎ নেটওয়ার্ক, সাবস্টেশন এবং বিদ্যুৎ ব্যবস্থা রয়েছে। তাই রাজ্যের কাছ থেকে বিদ্যুৎ কিনলেও, আইনে রেল বিদ্যুৎ বিতরণকারী সংস্থা।

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, রেলকে বিদ্যুৎ বিতরণকারী সংস্থা হিসাবে বলা হলেও, তারা কোনও অধিকার চাইতে পারে না। সিগন্যাল, স্টেশন, লোকোমোটিভ এবং ট্রেন চালাতে বিদ্যুৎ ব্যবহার করে রেল। অর্থাৎ, এটি রেলের নিজের অভ্যন্তরীণ ব্যবহার। রেল সাধারণ মানুষকে বিদ্যুৎ বিতরণ করে না। সুপ্রিম কোর্টের রায়, রেল নিজেই বিদ্যুৎ ব্যবহারকারী। তারা অন্য কোনও গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করে না। ফলে গ্রাহক হিসাবে অন্য সংস্থার কাছ থেকে বিদ্যুৎ নিতে গেলে অতিরিক্ত কর দিতে হবে রেলকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement