Jodhpur Sisters Death

একই দিনে বিয়ে ছিল দুই বোনের, আগের রাতে দেহ উদ্ধার, রাজস্থানে দুই তরুণীর মৃত্যুতে রহস্য

ঘটনাটি জোধপুরের মানাই গ্রামের। মৃতেরা হলেন, শোভা (২৫) এবং বিমলা (২৩)। শনিবার তাঁদের বিয়ে ছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৯
Share:

দুই বোন রহস্যমৃত্যু রাজস্থানে। ছবি: সংগৃহীত।

একই দিনে বিয়ে ছিল দুই বোনের। কিন্তু তার আগের রাতেই দু’জনের দেহ উদ্ধার হল। রাজস্থানের জোধপুরে দুই তরুণীর মৃত্যু ঘিরে রহস্য বাড়ছে। ময়নাতদন্তের রিপোর্টে তাঁদের শরীরে বিষক্রিয়ার চিহ্ন মিলেছে। তবে ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিশ। আর এখানেই রহস্য ঘনীভূত হচ্ছে।

Advertisement

ঘটনাটি জোধপুরের মানাই গ্রামের। মৃতেরা হলেন, শোভা (২৫) এবং বিমলা (২৩)। শনিবার তাঁদের বিয়ে ছিল। বাড়িতে আত্মীয়, অতিথিরা সকলে বিয়ের অনুষ্ঠানের তোড়জোড় করছিলেন। বিয়ের আচার রীতির জন্য সব কিছু আগে থেকে ব্যবস্থা করে রাখার কাজে ব্যস্ত ছিলেন বাড়ির লোকেরা। রাতে খাওয়াদাওয়া করে দুই বোন ঘুমোতে চলে যান। কিন্তু বিশেষ কোনও প্রয়োজনে তাঁদের ঘরের সামনে গিয়ে এক আত্মীয় ডাকাডাকি করেন। দরজা ধাক্কা দেন। কোনও সাড়া না পেয়ে সন্দেহ হয় তাঁর। বাড়ির অন্যদের বিষয়টি জানান।

বাড়ির দোতলার একটি ঘরে দুই বোন শুতে গিয়েছিলেন। পরিবারের অন্য সদস্যেরা তখন দরজা ভেঙে ঢুকে দেখেন দুই বোন অচৈতন্য হয়ে পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। দু’জনের দেহ বাড়িতে নিয়ে আসা হয়। শেষকৃত্যের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল, তখন পুলিশ আসে। তারা দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্ত হয়ে গেলে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিষক্রিয়ার কারণে মৃত্যু হয়েছে দুই বোনের। কিন্তু ঠিক কী কারণে বিষক্রিয়া, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই তা স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। তবে ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। দুই বোনের মৃত্যুতে রহস্য বাড়ছে। বিয়ের আগের রাতে কী ভাবে দু’জনের মৃত্যু তা নিয়ে তদন্ত করা হবে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement