India-US Trade Agreement

ভারতের উপর চাপানো ২৫% ‘শাস্তিমূলক কর’ তুলে নিলেন ট্রাম্প! কোন ভারতীয় পণ্যে এ বার কত শুল্ক নেবে আমেরিকা

আমেরিকা আগেই জানিয়েছিল, ভারতীয় পণ্যে আমদানি শুল্কের পরিমাণ ২৫ থেকে কমিয়ে ১৮ করা হচ্ছে। রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসাবে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক উঠে যাওয়ায়, ভারতীয় পণ্যে সর্বোচ্চ মার্কিন শুল্কের পরিমাণ কমে হল ১৮ শতাংশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৩
Share:

(বাঁ দিকে) নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। —ফাইল চিত্র।

ভারতের উপর চাপানো ২৫ শতাংশ ‘শাস্তিমূলক শুল্ক’ প্রত্যাহার করে নিল আমেরিকা। এই বিষয়ে ইঙ্গিত মিলেছিল আগেই। শুক্রবার (ভারতীয় সময় অনুসারে) এই সংক্রান্ত ঘোষণাপত্রে স্বাক্ষর করেন ট্রাম্প। ওই ঘোষণাপত্রে বলা হয়েছে, “রাশিয়া থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে তেল আমদানি বন্ধ করার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে ভারত।” আমেরিকা আগেই জানিয়েছিল, ভারতীয় পণ্যে আমদানি শুল্কের পরিমাণ ২৫ থেকে কমিয়ে ১৮ করা হচ্ছে। রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসাবে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক উঠে যাওয়ায়, ভারতীয় পণ্যে সর্বোচ্চ মার্কিন শুল্কের পরিমাণ হল ১৮ শতাংশ।

Advertisement

অন্য দিকে, শুক্রবারই অন্তর্বর্তী সমঝোতায় সম্মত হয়েছে ভারত এবং আমেরিকা। শনিবার ভোরে (ভারতীয় সময় অনুসারে) যৌথ বিবৃতি দিয়ে এই সমঝোতার কথা জানিয়েছে দুই দেশ।

২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় বার প্রেসিডেন্ট হওয়ার পরেই বাণিজ্যচুক্তির বিষয়ে কথা শুরু করেছিল নয়াদিল্লি এবং ওয়াশিংটন। তার পর অবশ্য দীর্ঘ দিন নানা কারণে এই চুক্তির বিষয়ে ঐকমত্যে পৌঁছয়নি দু’পক্ষ। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলার পরে সোমবার রাতে (ভারতীয় সময়) মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিপাক্ষিক বাণিজ্যসমঝোতার কথা ঘোষণা করেন। ভারতীয় পণ্যে শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হবে বলে জানান তিনি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অন্তর্বর্তী বাণিজ্য-সমঝোতাই পূর্ণমাত্রার বাণিজ্য-সমঝোতার কাজকে এগিয়ে নিয়ে যাবে।

Advertisement

প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য-সমঝোতা দেশের কৃষক, উদ্যোগপতি, ক্ষুদ্রশিল্প, মৎস্যজীবীদের কাছে নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়ল জানিয়েছেন, অন্তর্বর্তী বাণিজ্য-সমঝোতা কার্যকর হলে ভারতীয় পণ্যে আমদানি শুল্কের পরিমাণ কমিয়ে ১৮ শতাংশ করবে। এর ফলে ভারতের বস্ত্র, চামড়া, প্লাস্টিক, গৃহসজ্জা, রাসায়নিক শিল্পের জন্য আমেরিকার দরজা খুলে যাবে বলে জানিয়েছেন তিনি। বেশ কিছু ভারতীয় পণ্যের উপর কোনও শুল্ক চাপাবে না ট্রাম্প প্রশাসন। এই পণ্যগুলির মধ্যে রয়েছে ওষুধ, হিরে ও অন্যান্য দামি রত্ন, বিমানের যন্ত্রাংশ।

কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, আমেরিকার সঙ্গে অন্তর্বর্তী বাণিজ্য-সমঝোতা হলেও কৃষকদের স্বার্থরক্ষায় কেন্দ্র দায়বদ্ধ। তাই বেশ কিছু কৃষিপণ্য এবং দুগ্ধজাত পণ্যকে এই বোঝাপড়ার বাইরে রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে ভুট্টা, আটা, চাল, সয়াবিন, দুধ, চিজ়, ইথানল (জ্বালানি), তামাক, কিছু সব্জি, মাংস ইত্যাদি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement