(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী (ডান দিকে)। ফাইল চিত্র।
সমাজমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় অভিবাসীদের উপহাস করা একটি পোস্ট শেয়ার করায় উষ্মা প্রকাশ করল নয়াদিল্লি। তবে এ ক্ষেত্রে সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ করেনি বিদেশ মন্ত্রক।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার বলেন, ‘‘আমরা মন্তব্যগুলি দেখেছি, এবং সেই সঙ্গে এর প্রতিক্রিয়ায় মার্কিন দূতাবাসের জারি করা পরবর্তী বিবৃতিটিও। মন্তব্যগুলি স্পষ্টতই অজ্ঞতাপ্রসূত, অনুপযুক্ত এবং কুরুচিকর। এগুলি নিশ্চয়ই ভারত-মার্কিন সম্পর্কের বাস্তবতাকে প্রতিফলিত করে না। যে সম্পর্ক দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্মান এবং অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।’’
প্রসঙ্গত, মার্কিন রেডিয়ো উপস্থাপক ও রাজনৈতিক বিশ্লেষক মাইকেল স্যাভেজের একটি পডকাস্ট সমাজমাধ্যমে শেয়ার করেছেন ট্রাম্প। সেখানে ভারত, চিন-সহ কয়েকটি দেশকে ‘হেল-হোল’ বা ‘নরককুণ্ড’ হিসাবে চিহ্নিত করা হয়েছে। মন্তব্য করা হয়েছে, ভারতীয় এবং চিনারা শুধু সন্তানের জন্ম দিতে আমেরিকার যান! উদ্দেশ্য গর্ভস্থ সন্তানের জন্ম দিয়ে আমেরিকার নাগরিক হওয়া। ওই বিতর্কিত মন্তব্য-সহ পোস্টটি ট্রাম্প সমাজমাধ্যমে শেয়ার করার পরেই শুরু হয়েছে বিতর্ক। পরিস্থিতি সামলাতে বৃহস্পতিবার নয়াদিল্লির মার্কিন দূতাবাসের মুখপাত্র বলেন, ‘‘আমাদের প্রেসিডেন্ট বলেছেন, ‘ভারত একটি মহান দেশ, যার শীর্ষ পদে আমার এক জন খুব ভালো বন্ধু রয়েছেন’।’’