Tamil Nadu Assembly Election 2026

বৃহত্তম দল হলেও সরকার গড়তে ১০ বিধায়কের সমর্থন দরকার, ঘাটতি পূরণে কোন পরিকল্পনা করছেন বিজয়?

প্রথম বার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেই চমক দেখিয়েছে অভিনেতা বিজয়ের দল টিভিকে। তামিলনাড়ুর ২৩৪টি আসনের মধ্যে ১০৮টিতে জয়ী হয়ে একক বৃহত্তম দল হয়েছে তারাই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মে ২০২৬ ১১:০৫
Share:

থলপতি বিজয়। ছবি: সংগৃহীত।

প্রথম বার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেই চমক দেখিয়েছে অভিনেতা বিজয় (যিনি থলপতি নামে সমধিক পরিচিত)-এর দল টিভিকে। তামিলনাড়ুর ২৩৪টি আসনের মধ্যে ১০৮টিতে জয়ী হয়ে একক বৃহত্তম দল হয়েছে তারাই। সব কিছু ঠিক ভাবে এগোলে তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার কথা বিজয়ের। কিন্তু সরকার গঠনের জন্য প্রয়োজনীয় জাদুসংখ্যা পেতে আরও ১০ বিধায়কের সমর্থন প্রয়োজন বিজয়ের।

Advertisement

এই পরিস্থিতিতে মঙ্গলবার তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের সঙ্গে দেখা করছেন বিজয়। টিভিকে সূত্রে খবর, রাজ্যপালের সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছেন তিনি। তার আগে মঙ্গলবার সকালে দলের সদ্যনির্বাচিত বিধায়কদের সঙ্গে দেখা করবেন বিজয়। টিভিকে-র আর একটি সূত্র মারফত জানা গিয়েছে, ছোট দলগুলির সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ রাখা শুরু হয়েছে। ওই সূত্রের দাবি, টিভিকে-কে সমর্থন করার প্রস্তাব দিয়েছে কংগ্রেস এবং পিএমকে। এদের মধ্যে কংগ্রেস পেয়েছে পাঁচটি আসন আর পিএমকে পেয়েছে চারটি আসন।

বাম দলগুলি টিভিকে-কে সমর্থন দেওয়ার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। ভিসিকে কিংবা ডিএমডিকে-র মতো ছোট দলগুলি চূড়়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতির উপর নজর রাখতে চাইছে।

Advertisement

তামিলনাড়ুতে ক্ষমতা হারালেও ৭৩টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ডিএমকে-র নেতৃত্বাধীন জোট। জয়ললিতার দল এডিএমকে এবং বিজেপির জোট পেয়েছে ৫৩টি আসছে। একটি সূত্র বলছে, এডিএমকে-ও জোটে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিল। কিন্তু তামিলনাড়ুতে তারা বিজেপির সঙ্গে লড়ছে। এ দিকে, বিজেপি-কে ‘নীতিগত শত্রু’ বলে দাবি করেছেন বিজয়। এই পরিস্থিতিতে বিজয় কার হাত ধরবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement