Dalit Girl Found Dead

‘মামলা তুলে নে, না হলে খুন করে দেব’! যৌন হেনস্থায় অভিযুক্ত যুবক জামিন পেতেই উত্তরপ্রদেশে আত্মঘাতী দলিত কিশোরী

পুলিশ সূত্রে খবর, বুধবার বিকেলে কিশোরী একাই ছিল বাড়িতে। তাঁর বাবা-মা দিনমজুরের কাজ করেন। সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে দেখেন কন্যার দেহ ঝুলছে। সঙ্গে সঙ্গে তাঁরা প্রতিবেশীদের বিষয়টি জানান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৯
Share:

প্রতীকী ছবি।

মামলা তুলে নিতে কিশোরী এবং তার পরিবারকে বার বার হুমকি দিচ্ছিলেন যৌন হেনস্থায় অভিযুক্ত যুবক। মামলা না তুললে পরিণতি ভাল হবে না বলেও শাসানো হয় বলে অভিযোগ। অভিযুক্ত সেই যুবক জামিন পেতেই আত্মঘাতী হল দলিত কিশোরী। উত্তরপ্রদেশের লখিমপুর খেরীর ঘটনা। বুধবার বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, অভিযুক্ত যুবক জামিন পাওয়ার পর থেকেই অত্যন্ত আতঙ্কে ছিল কিশোরী।

Advertisement

প্রসঙ্গত, কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন যুবক। সপ্তাহখানেক আগে জেল থেকে জামিন পেয়ে বেরিয়ে আসেন তিনি। অভিযোগ, জামিনে মুক্ত হওয়ার পর থেকেই মামলা তুলে নেওয়ার জন্য কিশোরীকে চাপ দেওয়া হচ্ছিল। শুধু তাই নয়, কিশোরীকে হুমকি দিয়ে বলেন, ‘‘মামলা তুলে নেওয়া না হলে খুন করে দেব।’’ এই বিষয়টি নিয়ে অত্যন্ত মানসিক চাপে ছিল কিশোরী। পরিবারের সদস্যদের দাবি, অভিযুক্ত যুবক জেলের বাইরে আসতেই তাঁরাও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলেন।

পুলিশ সূত্রে খবর, বুধবার বিকেলে কিশোরী একাই ছিল বাড়িতে। তাঁর বাবা-মা দিনমজুরের কাজ করেন। সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে দেখেন কন্যার দেহ ঝুলছে। সঙ্গে সঙ্গে তাঁরা প্রতিবেশীদের বিষয়টি জানান। খবর দেওয়া হয় পুলিশেও। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে। কিশোরীর বাবা জানিয়েছেন, গত ১০ জানুয়ারি তাঁর কন্যা গরুর জন্য ঘাস আনতে কাছের একটি মাঠে গিয়েছিল। সেই সময় গ্রামেরই এক যুবক তাঁকে জঙ্গলের মধ্যে টেনে নিয়ে যান। অভিযোগ, তার পর কিশোরীর যৌন হেনস্থা করেন। কিশোরী চিৎকার করতেই পালিয়ে যান যুবক। বাড়িতে ফিরে কিশোরী ঘটনাটি জানায়। তার পরই পুলিশের কাছে অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে যুবককে গ্রেফতার করা হয়।

Advertisement

কিশোরীর বাবার দাবি, ‘‘সম্প্রতি ওই যুবক জামিনে ছাড়া পেয়েছে। পাড়ারই একটি দোকানে গিয়েছিল মেয়ে। সেখানে তার সঙ্গে দেখা করে ওই যুবক। আমার মেয়েকে বলে, মামলা তুলে নে, না হলে খুন করে দেব। তার পর থেকেই খুব আতঙ্কে ছিল মেয়ে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement