প্রতীকী ছবি।
বকেয়া না মেটালে আজ রাতের মধ্যেই গ্যাসের কানেকশন কেটে দেওয়া হবে। মুম্বইয়ে শতাধিক গ্রাহকের কাছে এই বার্তা পাঠিয়ে টাকা হাতিয়ে নিল সাইবার অপরাধীরা। আর এই ঘটনায় বাণিজ্যনগরীতে হুলস্থুল পড়ে গিয়েছে।
দ্য মহানগর গ্যাস লিমিটেড (এমজিএল)-এর গ্রাহকেরা একের পর এক অভিযোগ জানিয়েছেন সংশ্লিষ্ট সংস্থাটিকে। তাঁদের অভিযোগ, প্রতারকেরা মেসেজ পাঠিয়ে তাঁদের সতর্ক করেছে যে, আগের মাসের বকেয়া টাকা যদি দ্রুত না মেটানো হয়, তা হলে রাতের মধ্যেই গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। গত কয়েক দিন ধরেই একশোরও বেশি গ্রাহক এই ধরনের বার্তা পেয়েছেন বলে অভিযোগ। সেই প্রতারণার ফাঁদের পড়ে অনেকেই টাকা খুইয়েছেন বলেও দাবি।
পুলিশ সূত্রে খবর, গ্রাহকদের মোবাইলে একটি এপিকে ফাইল পাঠানো হয়। আর সেই ফাইল খুলতেই প্রতারকেরা সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইল হ্যাক করে নেয়। তার পর তাঁদের অ্যাকাউন্ট থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয় প্রতারকেরা। প্রতারণার এই নতুন কৌশলে হতভম্ব গ্রাহক থেকে পুলিশও। গ্রাহকদের কাছ থেকে আড়াই কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে গত কয়েক দিনে। প্রসঙ্গত, মহারাষ্ট্র এবং কর্নাটকে পরিষেবা দেয় এমজিএল। গত মাসে তারা ঘোষণা করে ১৬ মার্চ থেকে ৩০ এপির্লের মধ্যে পাইপলাইনে পিএনজি নিলে ৫০০ টাকা ছাড় দেওয়া হবে। অনেকেই সেই গ্যাস সংযোগ নেন। সেই গ্রাহকদের কাছেই এই বার্তা গিয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।