Mango Snacks

আম সন্দেশ, আম দইয়ের বদলে গরমে পাকা আমের শাঁস দিয়ে বানিয়ে ফেলুন চটজলদি জলখাবার

আম দিব্যি মিশে যায়, নোনতা, ঝাল এমনকি টক স্বাদের সঙ্গেও। আর চাইলে আম দিয়ে পরোটা কিংবা প্যানকেকও রাঁধা যায়। তেমনই আম দিয়ে তৈরি কিছু জলখাবারের নাম জেনে নিন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ২০:৪৬
Share:

ছবি: সংগৃহীত।

আম মানেই কি শেষ পাতের খাবার? তা দিয়ে তৈরি খাবার মানে কি মিষ্টিই হতে হবে? আম দই, আমের সন্দেশ, আমের লস্যি, আমসত্ত্বের বাইরে কি পাক আম দিয়ে আর কিছু রান্না করা যায় না? এমন ধারণা থেকে থাকলে, তা বদলে ফেলুন। কারণ, আম দিব্যি মিশে যায়, নোনতা, ঝাল এমনকি টক স্বাদের সঙ্গেও। আর চাইলে আম দিয়ে পরোটা কিংবা প্যানকেকও রাঁধা যায়। তেমনই আম দিয়ে তৈরি কিছু জলখাবারের নাম জেনে নিন।

Advertisement

আম মালাই টোস্ট

দুধের সর থেকে নেওয়া মালাই জমিয়ে রেখে তাকে ফেটিয়ে নিয়ে এটি বানাতে পারেন অথবা দোকান থেকে কেনা ক্রিম দিয়েও বানাতে পারেন। এক চামচ মাখন চিনি দিয়ে ভাল ভাবে মিশিয়ে পাউরুটিতে লাগিয়ে চাটুতে বা প্যানে এ পিঠ ও পিঠ করে সেঁকে নিন। চিনি ক্যারামেলাইজ হয়ে পাউরুটির চারপাশ লালচে হয়ে গেলে মালাইয়ের পরত দিন। তার উপরে পাকা আমের শাঁস টুকরো করে কেটে রেখে দিন। এ বার উপরে দারচিনি আর জায়ফলের গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন। অথবা কিছু পেস্তাবাদাম কুচিয়ে তাতে লঙ্কাগুঁড়ো, সামান্য নুন আর মধু মিশিয়ে নিয়ে সেটি আমের উপর ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে আম মালাই টোস্ট।

Advertisement

আমের প্যানকেক

সাধারণ প্যানকেকের ব্যাটার (ময়দা, ডিম, দুধ ও সামান্য চিনি দিয়ে) তৈরি করুন। প্যানকেক ভাজার সময়ে মাঝখানে স্লাইস করা পাকা আম দিয়ে উপর থেকে আরও একটু ব্যাটার দিয়ে ঢেকে দিন। ছোটদের জন্যও খুব ভাল জলখাবার হতে পারে এটি। শিশুরা হাতের নাগালে মিষ্টি ফলের পুর ভরা নরম প্যানকেক পেলে আনন্দ করে খাবে।

আমের চিজ স্যান্ডউইচ

মালাই টোস্টের মতোই, তবে একটু আধুনিক স্বাদ। পাউরুটির ওপর ক্রিম চিজ মাখিয়ে তার উপর পাকা আমের স্লাইস বিছিয়ে দিন। সামান্য গোলমরিচগুঁড়ো ছিটিয়ে আরও একটি পাউরুটি দিয়ে ঢেকে গ্রিল করে নিলেই তৈরি আমের চিজ় স্যান্ডউইচ। মিষ্টি আমের সঙ্গে চিজের নোনতা স্বাদ সব বয়সের মানুষেরই পছন্দ হবে।

আমের সুজি

সুজি ভাজার সময়ে জল বা দুধের সঙ্গে পাকা আমের পাল্প মিশিয়ে দিন। এতে সুজির হালুয়ায় দারুণ রঙ এবং সুগন্ধ আসে। সকালের বা বিকেলের ভারী জলখাবার হিসাবে এটি পেট ভর্তি রাখে এবং পুষ্টিকরও।

পাকা আমের বড়া

তালের বড়ার মতোই পাকা আমের পাল্প, চালের গুঁড়ো, সুজি ও সামান্য নারকেল কোরা মিশিয়ে ছোট ছোট করে ভেজে নিন। বিকেলের আড্ডায় চায়ের সঙ্গে বড়দের জন্য এবং মুখরোচক হিসাবে শিশুদের জন্য এটি চমৎকার।

আমের স্মুদি বোল

আম, কলা এবং সামান্য দুধ দিয়ে ঘন করে ব্লেন্ড করে একটি বাটিতে ঢালুন। কর্নফ্লেক্স, চিয়া বীজ বা কুচি করা আম সাজিয়ে দিন। যাঁরা একটু স্বাস্থ্য সচেতন তাঁদের জন্য এটি সেরা বিকল্প। এটি দেখতেও খুব সুন্দর হয়, তাই বাচ্চারা আগ্রহ নিয়ে খায়।

আমের ব্রুশেটা

পাউরুটি গোল গোল করে কেটে মাখন বা অলিভ অয়েল দিয়ে কড়া করে সেঁকে নিন। তার উপরে টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা এবং ছোট ছোট কিউব করা পাকা আম দিন। সামান্য নুন, গোলমরিচ এবং লেবুর রস ছড়িয়ে দিন। এটি একটি সুন্দর স্টার্টার বা জলখাবার হতে পারে।

পাকা আমের ফিঙ্গারস

পাকা আমের লম্বা টুকরো করে নিন। এবার বেসন, চালের গুঁড়ো, কালো জিরে, নুন এবং লঙ্কার গুঁড়োর একটি ঘন ব্যাটার তৈরি করে তাতে আমের টুকরোগুলো ডুবিয়ে ডুবো তেলে ভেজে নিন। উপরে মুচমুচে নোনতা আর ভিতরে নরম মিষ্টি আম—শিশুরা এটি সসের সাথে খেতে খুব পছন্দ করবে।

আমের রোল বা ট্যাকো

বাড়িতে বেঁচে যাওয়া রুটি বা পরোটার ভিতর আলুর পুরের সঙ্গে আমের সালসা দিয়ে দিন। সালসা তৈরি করতে লাগবে ছোট ছোট টুকরোয় কাটা আম, পেঁয়াজ, ধনেপাতা, নুন, লেবু। সব এক সঙ্গে দিয়ে রোল করে দিন। যারা খুব মিষ্টি খেতে পছন্দ করেন না, তাদের জন্য এটি একটি স্বাস্থ্যকর ও পেটভরা জলখাবার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement