Art in Attire

পোশাকেই চিত্র প্রদর্শনী! শাড়ি, গাউন, শার্টে কি শিল্পের কদর বাড়ছে? ইঙ্গিত তারকাদের পছন্দে

মেট গালা, কান চলচ্চিত্রোৎসবে তারকাদের দেখা গেল এমন সব পোশাকে, যাতে ফুটে উঠেছে নানা রকম শিল্পকলা। আর শুধু আন্তর্জাতিক মঞ্চই বা কেন? কোনও কোনও তারকা বিশেষ অনুষ্ঠান ছাড়াই তেমন পোশাকে সেজে পথে নামছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ১১:১৭
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

নব্বইয়ের দশকের মাঝামাঝি বাঙালির চিরাচরিত সুতির শাড়ি তাঁতের শাড়ি এবং পাঞ্জাবিতে একটু বদল এসেছিল। সাদা থানের শাড়ির বা সাদা পাঞ্জাবি হয়ে উঠেছিল ক্যানভাস। ফ্যাব্রিক রং আর তুলির আঁচড়ে শাড়ির আঁচল পাড় জমিতে ফুটে উঠতে শুরু করেছিল চিত্রশিল্প। কোথাও ধানমাঠের দৃশ্য তো কোথাও রবীন্দ্রনাথ ঠাকুর, আবার কোথাও পটচিত্র।

Advertisement

ভিন রাজ্যে খাগের কলমে ফুল-লতাপাতার নকশা তোলা প্রাচীন শিল্প কলমকারির চল থাকলেও বাঙালি পোশাকে নকশা মানে সুতোর কাজ বা তাঁতের কাজই ভাবা হত মূলত। পরে সিন্থেটিকের শাড়িতে রং দিয়ে আঁকা ফুল-পাতার নকশা যে একেবারে থাকত না, তা নয়। কিন্তু নিসর্গদৃশ্য, বিমূ্র্ত চিত্র— এ সবের চল ছিল না তেমন। নব্বইয়ের দশকে শুরু হওয়া ট্রেন্ড শিল্পপ্রেমী বাঙালি আপন করে নেয়। আর তা আজও রয়ে গিয়েছে বাঙালির পছন্দের পোশাকের জগতে। তবে ইদানীং দেখা যাচ্ছে গোটা দুনিয়াই পোশাকে ‘চিত্র প্রদর্শন’-এ আগ্রহী।

ডিজিটাল প্রিন্ট এসে যাওয়ার পরে সেই ইচ্ছেপূরণ সহজও হয়েছে। যে কোনও বিখ্যাত তেলরঙের চিত্র বা পেনসিল স্কেচকেও চাইলে তুলে নেওয়া যায় পোশাকের ক্যানভাসে। অনেকে তা করেছেনও। কিন্তু এ বার তারকারাও বাঁধা পরলেন পোশাকে হাতে আঁকা নিসর্গদৃশ্য বা বিমূর্ত শিল্পের টানে। সম্প্রতি মেট গালা, কান চলচ্চিত্রোৎসবে তারকাদের দেখা গেল এমন সব পোশাকে, যাতে ফুটে উঠেছে নানা রকম শিল্পকলা। আর শুধু আন্তর্জাতিক মঞ্চই বা কেন? কোনও কোনও তারকা বিশেষ অনুষ্ঠান ছাড়াই তেমন পোশাকে সেজে পথে নামছেন।

Advertisement

পরিণীতি চোপড়া

পরিণীতির পোশাকটি একটি মিডি ড্রেস। সাদা শিফন জর্জেটের ফ্লেয়ার্ড ড্রেসে পুরনো বইয়ের উড কার্ভিং পেন্টিংয়ের ডিজিটাল প্রিন্ট। পুরোটাই নীল রঙে। তার উপরে নীল বিডস এবং কাপড়ের কাজও করা হয়েছে।

আলিয়া ভট্ট

আলিয়া কান চলচ্চিত্রোৎসবের সকালের অনুষ্ঠানের জন্য প্রথম দিন যে পোশাকটি বেছে নিয়েছিলেন, তাতে ফুটে উঠেছিল ১৯ শতকে শিল্পের দুনিয়ায় আলোড়ন ফেলা ইমপ্রেসনিস্টিক পেন্টিংয়ের আদলে আঁকা ছবি। ছোট ছোট তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা রঙিন দৃশ্য। আলিয়ার জামার ঘের জুড়ে সবুজ মাঠ, ঘাস, ফুল আর আঁকাবাঁকা কাঁচা রাস্তা।

‘লাফটারসেন’ নিরঞ্জন মণ্ডল

ফরাসি শহর কানে আয়োজিত চলচ্চিত্রোৎসবে আমন্ত্রণ পেয়েছিলেন বাঙালি নেটপ্রভাবী লাফটারসেন ওরফে নিরঞ্জন মণ্ডল। তাঁর পোশাক জুড়েও ছিল বিমূর্ত চিত্রশিল্প। কলকাতার পোশাকশিল্পী বোবো নকশা করেছিলেন ওই পোশাকের।

আকৃতি কক্কর

মেট গালায় আকৃতি কক্করের পোশাকে আবার শুধু শিল্প নয়, তার সঙ্গে শিল্পের সরঞ্জামও ছিল। পুরনো ক্যানভাসের হলদেটে রঙের উপর নানা রঙে আঁকা পোর্ট্রেট। সঙ্গে ছবির ফ্রেম, রঙের প্যালেট, কয়েকটি তুলিও ধরা হাতে।

প্রশ্ন হল, পোশাকে চিত্রশিল্প কি নতুন ট্রেন্ড? হতেই বা আপত্তি কোথায়? নানা ধরনের শিল্পকে তো পোশাকে স্থান দেনই শৌখিনীরা। নতুন করে নয় ফিরুক পোশাকে চিত্রশিল্পও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement