Sweat-Proof Makeup

মুখ অতিরিক্ত ঘামে? মেকআপ নষ্ট হয়ে যায়, ত্বকের ধরন বুঝে ঘরেই তৈরি করে নিন ভেষজ সেটিং স্প্রে

রাস্তায় বেরোলেই কাঠফাটা রোদ। মেকআপ তো নষ্ট হচ্ছেই, অতিরিক্ত ঘামে ত্বকের অবস্থাও বেহাল হয়ে যাচ্ছে। চোখে-মুখে কালচে ছোপ পড়ছে। এই গরমেও যদি ত্বক তরতাজা রাখতে হয়, তা হলে ব্যাগে রেখে দিন সেটিং স্প্রে। দোকান থেকে কেনার প্রয়োজন নেই। তৈরি করে নিন বাড়িতেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ১৭:০০
Share:

কোন ত্বকে কেমন সেটিং স্প্রে ব্যবহার করবেন? ছবি: এআই সহায়তায় প্রণীত।

গরম আর আর্দ্রতার কারণে অতিরিক্ত ঘামে মেকআপ গলে যাওয়া ভীষণ পরিচিত একটি সমস্যা। অনেকের মুখ-গলা অতিরিক্ত ঘামে। ফলে বাড়ি থেকে মেকআপ করে বেরোনোর সঙ্গে সঙ্গেই ঘামে তা নষ্ট হয়ে যেতে থাকে। দামি ফাউন্ডেশন বা কমপ্যাক্ট ব্যবহার করার পরেও মেকআপ নষ্ট হয়। সে ক্ষেত্রে ভাল মানের সেটিং স্প্রে ব্যবহার করা জরুরি। তবে তা দোকান থেকে কেনার প্রয়োজন নেই। ঘরেই বানিয়ে নিতে পারেন। ত্বকের ধরন বুঝে বানিয়ে নিন।

Advertisement

তৈলাক্ত ও ব্রণপ্রবণ ত্বকের জন্য

তৈলাক্ত ত্বকের অতিরিক্ত তেল ও ঘাম নিয়ন্ত্রণের জন্য গ্রিন টি ও টি-ট্রি অয়েল স্প্রে কার্যকরী হতে পারে। আধ কাপ ফোটানো গ্রিন টি ঠান্ডা করে ২ চামচ গোলাপ জল মিশিয়ে নিন। এর সঙ্গে মেশান ৩-৪ ফোঁটা টি ট্রি অয়েল। একটি স্প্রে বোতলে ভরে ব্যাগে রেখে দিন। ঘাম হলে মুখে স্প্রে করে নিলে শীতল অনুভূতি হবে, মেকআপ নষ্ট হবে না।

Advertisement

শুষ্ক ত্বকের জন্য গ্লিসারিনের হাইড্রেটিং স্প্রে

শুষ্ক ত্বকে মেকআপ ঠিক মতো বসে না, ফলে তা ফেটে যেতে থাকে। ঘাম হলে সারা মুখে দাগছোপ দেখা দেয়। সে কারণে এমন সেটিং স্প্রে প্রয়োজন যা ত্বককে আর্দ্র রাখবে। ৪ চামচ গোলাপ জল, ২ চামচ অ্যালো ভেরা জেল, ১ চামচ গ্লিসারিন এবং ১ কাপ জল মিশিয়ে স্প্রে বানিয়ে নিন। সবকটি উপকরণ একটি বোতলে নিয়ে তীব্র ঝাঁকুনি দিন যাতে অ্যালো ভেরা জেল জলের সঙ্গে পুরোপুরি মিশে যায়।

মিশ্র ত্বকের জন্য শসা ও লেবুর স্প্রে

অনেকের কপাল ও নাক বেশি ঘামে, কিন্তু গাল শুষ্ক থাকে। তাঁদের জন্য এমন সেটিং স্প্রে কার্যকরী হবে। আধ কাপ শসার রস, ১ চামচ লেবুর রস ও আধ কাপের মতো জল নিয়ে নিন। শসা গ্রেট করে রস বার করে নিন। তাতে লেবুর রস ও জল মিশিয়ে বোতলে ভরে রাখুন। এটি ত্বকের পিএইচের ভারসাম্য বজায় রাখবে। রোদে বেরোনোর সময়ে এই স্প্রে বোতল ব্যাগে রাখতে ভুলবেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement