সোনা নেই সাজে, তবুও নজরে থাকবে বাঙালি বধূর বেশভূষা । গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার (ফরেক্স) বাঁচাতে এক বছর দেশবাসীকে সোনা কেনায় লাগাম টানার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু বিয়ের সাজে সবচেয়ে বেশি নজর কাড়ে সোনাই। যুগ যুগ ধরে কনেরা সোনাকে বিয়ের সাজের অন্যতম অনুষঙ্গ করে নিয়েছেন। ভারতের বিভিন্ন প্রদেশের কনেদের সাজে সোনা গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে। সোনা ছাড়া বিয়ের সাজ হতে পারে, সে কথা অনেকের ভাবনাতেই আসে না। তবে বিয়ের ফ্যাশনে এখন সাহস নিয়ে ছক ভাঙছেন কনেরা। সোনাকে একেবারে গুরুত্ব না দিয়েই বিয়ের সাজে আনা যায় চমক। বিয়ের সাজে কী এমন করলে সোনাকেও টেক্কা দেওয়া যায়— এখন এই প্রশ্ন অনেক হবু কনের মনেই ঘোরপাক খাচ্ছে। সোনা ছাড়াই কেমন হতে পারে বাঙালি কনের সাজ?
সাজ পরিকল্পক: চন্দ্রাণী ধামালি।
সোনা তবু সোনা নয়
অনেকেই এখন বিয়েতে গোল্ড প্লেটেড জুয়েলারি পরছেন। তবে এখন ফ্যাশনে ভীষণ ‘ইন’ অ্যান্টিক ম্যাট গোল্ড প্লেটেড জুয়েলারি। চোকার থেকে টায়রা-টিকলি, সীতাহার থেকে কঙ্কন— সব গয়নাই হবে অ্যান্টিক ম্যাট গোল্ড প্লেটেড। যদিও সেই গয়নার সঙ্গে শাড়িটিও বাছতে হবে বুদ্ধি করে। চিরাচরিত চকচকে জরির লাল বেনারসির সঙ্গে এমন গয়না মোটেও মানাবে না। বরং লাল পাড়ের সোনালি শাড়ির সঙ্গে সুন্দর ভাবে স্টাইল করতে পারেন এমন গয়না। বাঙালি বিয়েতে শোলার মুকুট পরার চলই বেশি। সেই চল ভেঙে অ্যান্টিক ম্যাট গোল্ড প্লেটেড মুকুট পরেই কিন্তু নজর কাড়তে পারেন সবার। শাড়ির সঙ্গে মানানসই নেটের ওড়না আর ওড়নাতেও শাড়ির পাড় বসানো। পুরো সাজটাকে সম্পূর্ণ করেছে ফুলহাতার ব্লাউজ়টি। ব্লাউজ়ের হাতা জুড়ে সূক্ষ নকশার কারুকাজ, গোটা সাজে আলাদা মাত্রা এনেছে। বাঙালি বধুর এমন বেশ খুব চেনা নয়, তবে এ সাজ এক বার ভাইরাল হলে, অনেকেই একই পথের পথিক হবেন, সে কথা আর বলার অপেক্ষা রাখে না।
মডেল এবং সাজ পরিকল্পক: চন্দ্রাণী ধামালি।
রুপোর বেশে
সোনা নয়, বরং রুপো দিয়েই সেরে ফেলতে পারেন বিয়ের সাজ। ইদানীং কনেদের মধ্যে রুপোর গয়না পরার চল অনেকটাই বেড়েছে। অনেকেই বৃদ্ধির দিন কিংবা আশীর্বাদের দিন রুপোর গয়না ইতিমধ্যেই পরতে শুরু করেছেন। বিয়েতেও এই চল শুরু হয়েছে। লাল বেনারসির বাইরে একটা রুপোলি জরির কারুকাজ করা বেনারসি শাড়ি বাছাই করে সঙ্গে পরে নিন রুপোর গয়না। নীল শাড়ির সঙ্গে রুপোর গয়নার যুগলবন্দিটা বেশ চোখ ধাঁধানো হবে। সচারচর বিয়েতে নীল শাড়ি পরেন না কেউ। তবে একটু আলাদা সাজ চাইলে এই ধরনের একটা লুক তৈরি করতেই পারেন। মাথার টায়ারা-টিকলি, কানে কানপাশা, নাকে নোলক, গলায় ঝালর নেকলেস আর সীতাহার, হাতের চূড়— সবটাই রূপোর। সঙ্গে সোলার মুকুট আর খোঁপায় পদ্মের বাঁধন। সোনা তো অনেক হল এ বার না হয়, রুপোর বেশেই বিয়েতে চমক আনা যাক।
সাজ পরিকল্পক: চন্দ্রাণী ধামালি।
কুন্দন আর পোলকিতেই মোহময়ী
রিসেপশন বা বৌভাতে অনেক কনেই এখন শাড়ি ছেড়ে লেহঙ্গার দিকে ঝুঁকছেন। সে ক্ষেত্রে সোনার গয়নায় নয়, সেজে উঠতে পারেন কুন্দন আর পোলকির গয়নায়। লেহঙ্গার সঙ্গে এই ধরনের গয়না বেশ মানায়। তবে খুব বেশি জমকালো গয়না বাছাই করলে কিন্তু আবার গোটা সাজটাই মাটি হয়ে যেতে পারে। এ ক্ষেত্রে নীল লেহঙ্গার সঙ্গে কুন্দনের গয়নার সাজে যে কোনও কনেই নজর কাড়তে পারেন। মাথায় খোঁপা সঙ্গে মাথাপট্টি, আর ফুলেল সাজ। গলায় শুধু একটা নেকলেস। হাতে গোছা চুড়ি। রিসেপশনের দিন খুব বেশি জমকালো না সেজেও সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাইলে এমন একটি লুক বেছে নিতেই পারেন।
ছবি: ইনস্টাগ্রাম।
ফুলেল সাজ
বিয়ের সাজে ফুলের রমরমা থাকবে না তাই আবার হয় নাকি! কেবল খোঁপার বাঁধনেই নয়, বিয়ের দিনের সকালের সাজ গোটাটাই সেরে ফেলতে পারেন ফুল দিয়ে। গায়েহলুদের দিন হাতে, মাথায়, গলায় ফুলের গয়না পরেন অনেক কনেই। তবে, সাজে আরও চমক আনতে অনন্ত অম্বানীর স্ত্রী রাধিকা মার্চেন্টের মতো ফুলের ওড়না পরেও কিন্তু আর পাঁচজনের থেকে একেবারে আলাদা সাজে হয়ে উঠে পারেন মোহময়ী। বেলের কুঁড়ি আর গাঁদা ফুল দিয়ে তৈরি রাধিকার এই লুকটি সমাজমাধ্যমে বেশ ভাইরাল। তবে এই ধরনের ও়ড়না বানাতে দক্ষ শিল্পীর প্রয়োজন। তাই সেই শিল্পীর খোঁজ করে রাখুন। সেই সঙ্গে কানের দুল থেকে গলার হার, হাতপদ্ম থেকে চোকার— সবটাই ফুলের তৈরি। গায়েহলুদে এমন সাজে সেজে উঠলে কিন্তু সোনার গয়না না পরার কথা কারও মাথাতেই আসবে না।
সাজ পরিকল্পক: চন্দ্রাণী ধামালি।
দক্ষিণী ছোঁয়া
বাঙালি বিয়েতে যদি ইডলি-দোসা খাওয়ানো হয়, সে ক্ষেত্রে অতিথিদের মুখ ভার হতেই পারে। তবে বাঙালি কনে যদি দক্ষিণী বধূর বেশে সাজেন, সেই সাজ কিন্তু ফ্যাশনিস্তাদের মন কাড়তে বাধ্য। পরনে আইভরি রঙের ডিজ়াইনার শাড়ি, ফুলহাতা সূক্ষ্ম কারুকাজ সহ ব্লাউজ় আর গা ভর্তি দক্ষিণী ধাঁচের গয়না। মাথায় মাথাপট্টি, সুরিয়া পিরাই, চন্দ্র পিরাই, মন্দিরের আদলে তৈরি লম্বা হার, গল়ায় চোকার, মাথার বেণীতেও থাকবে গয়নার বাঁধন, নাকে নোলক, কোমরবন্ধনী আর হাতে একগোছা চুড়ি। দক্ষিণ ভারতের বিয়েতে সোনার গয়নার বেশ রমরমা। তবে এখন বাজারে দক্ষিণী গয়নার রেপ্লিকা বেশ জনপ্রিয়। তাই সেই রেপ্লিকা গয়না দিয়েই সেরে ফেলতে পারেন বিয়ের সাজ। সাজ নিয়ে একটু পরীক্ষা-নিরীক্ষা করতে ভালবাসলে বিয়ের এমন সাজেই করতে পারেন বাজিমাত।
ছবি: সংগৃহীত।
মুক্তোয় মধ্যমণি
বেনারসির সঙ্গে মুক্তোর সাজও কিন্তু দারুণ মানায়। শাড়ি নিয়ে যদি খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা না করতে চান, সে ক্ষেত্রে লাল বেনারসির সঙ্গে মুক্তোর গয়না পরে নিলেই কিন্তু সাজে আসবে আলাদা চমক। বিয়েতে মুক্তো পরতে দেখা যায় না কনেদের। তবে ছক ভাঙাই তো ফ্যাশন দুনিয়ার দস্তুর! মুক্তোর গয়নায় বিয়ের সাজ সেরে ফেললে দেখতে কিন্তু বেশ লাগবে। মাথাপট্টি থেকে হার, হাতপদ্ম থেকে ঝুমকো— মুক্তোর গয়নায়তেই হয়ে উঠতে পারেন অপরূপা।