চিনির স্ক্রাবেই উজ্জ্ল হোক ত্বক। ব্যবহার বিধি জানা আছে কি? ছবি: এআই সহায়তায় প্রণীত।
মুখের যত্ন নিতে, হাত-পায়ের কোমলতা বজায় রাখতে প্রসাধনীর কমতি নেই। বডি শ্যাম্পু, ফেসওয়াশ, স্ক্রাব-সহ অনেক কিছুই মেলে। তবে অনেক সময় ঘরোয়া রূপচর্চার পন্থাও কিন্তু ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখতে সাহায্য করে। সেই তালিকায় যুক্ত হতে পারে চিনির স্ক্রাব।
কী ভাবে বানায় চিনির স্ক্রাব
চিনির দানাদার অংশই ত্বকের উপরের মৃত কোষ ঝরিয়ে দিতে সাহায্য করে। তবে সরাসরি চিনি নয়, চিনির সঙ্গে মিশিয়ে নেওয়া হয় বডি বাটার (কোকো বাটার, শিয়া বাটার)। কখনও চিনির সঙ্গে মেশানো হয় অলিভ অয়েল এবং এক-দুই ফোঁটা এসেনশিয়াল অয়েলও। মূলত ত্বকের ময়লা, মৃত কোষ ঝরিয়ে ফেলতে চিনির স্ক্রাব ব্যবহৃত হয়। মৃত কোষ ঝরে গেলে ত্বক আরও মসৃণ এবং উজ্জ্বল দেখায়। সবচেয়ে বড় সুবিধা হল, জিনিসটি প্রাকৃতিক এবং যে কোনও রকম ত্বকে তা ব্যবহারের উপযোগী।
স্ক্রাব ব্যবহারের পদ্ধতি
চিনির স্ক্রাব সব সময় ভিজে ত্বকেই ব্যবহার করা দরকার। ভিজে অবস্থায় না মাখলে ঘষাঘষিতে ত্বকের ক্ষতি হতে পারে।
মুখ এবং গায়ের জন্য
মুখের জন্য স্ক্রাব বানাতে হলে চিনির মাত্রা কম, বডি বাটারের পরিমাণ বেশি হবে। কারণ, মুখের ত্বক খুব কোমল হয়। আবার একই স্ক্রাব দিয়ে বাহুমূল, গোড়ালি বা কনুই পরিষ্কারর করতে হলে চিনির মাত্রা কিছুটা বাড়িয়ে নিতে হবে।
মাসাজ
মুখ হোক বা গা, হাত-পা স্ক্রাব দিয়ে আলতো করে মাসাজ করতে হবে। ২-৩ মিনিট মাসাজের পর ধুয়ে ফেলুন। মাসাজের সময় জোরে চাপ দিয়ে ঘষা ঠিক নয়।
ঈষদুষ্ণ জল
স্ক্রাব ব্যবহারের পর মুখ বা হাত-পা ধুয়ে নিন হালকা গরম জল দিয়ে। যেহেতু এতে তেল বা বডি বাটার থাকে, তাই হালকা গরম জল দিয়ে হাত-পা বা মুখ ধুয়ে নিলে ত্বক ভাল ভাবে পরিষ্কার হবে।