ত্বকচর্চায় ভিটামিন ই ক্যাপসুল। ছবি: সংগৃহীত।
ত্বকচর্চায় ভিটামিন ই ক্যাপসুল ব্যবহারের রীতি নতুন নয়। লোশন হোক বা তেল, ক্যাপসুল ভেঙে ভিতরের সিরাম মিশিয়ে নেওয়ার চল রয়েছে অনেক বাড়িতেই। কিন্তু নিয়মিত এই কৌশল অনুসরণ করা হয় না। তাই ফলাফলও কাঙ্ক্ষিত হয় না অনেক ক্ষেত্রে। কিন্তু এটি সহজলভ্য, সস্তা আর ব্যবহারের ঝক্কিও কম— এই তিন কারণে অনেকেই এটি সরাসরি মুখে ব্যবহার করতে শুরু করেন।
কিন্তু সত্যিই এটি কতখানি কার্যকর? কী ভাবে ব্যবহার করবেন, কতটাই বা নিরাপদ?
ত্বকচর্চায় কী ভাবে ব্যবহার করবেন? ছবি: সংগৃহীত
ভিটামিন ই ক্যাপসুল কী?
ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্ট, যা শরীরের কোষকে সুরক্ষা দেয় এবং ত্বকের ক্ষয় ধীর করতে সাহায্য করে। এটি ত্বককে মসৃণ, আর্দ্র ও স্বাস্থ্যকর রাখতে পারে। ত্বকের যত্নে এটি জনপ্রিয় কারণ, এটি সহজেই ত্বকের ভিতরে গিয়ে কাজ করতে পারে এবং শুষ্কতা থেকে শুরু করে বার্ধক্যের লক্ষণ, বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দেয়। আর ভিটামিন ই-র (সাধারণত টোকোফেরল বা টোকোফেরিল অ্যাসিটেট রূপে) তেল সমৃদ্ধ ক্যাপসুলই বাজারে খুব জনপ্রিয়। ভিটামিন ই নানা ধরনের খাবারে পাওয়া যায়, কিন্তু ক্যাপসুলে এটি ঘনীভূত আকারে পাওয়া যায়।
কী কী এর উপকারিতা?
· ভিটামিন ই ত্বকের ভিতরে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ফলে শুষ্ক, রুক্ষ ত্বক নরম ও কোমল হয়।
· এটি ত্বকের প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা দৃঢ় করে এবং দূষণ বা সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করে।
· সূর্যের প্রভাবে তৈরি হওয়া কালো দাগ বা পিগমেন্টেশন হালকা করতে ভিটামিন ই-র জুড়ি মেলা ভার, বিশেষ করে যদি নিয়মিত ব্যবহার করা যায়।
· অ্যান্টি-অক্সিড্যান্ট বলে এটি বলিরেখা ও চামড়া ঝুলে যাওয়ার প্রবণতা কমাতে সাহায্য করতে পারে।
· ত্বকের ভিতরে জমে থাকা ময়লা ও অতিরিক্ত তেল পরিষ্কার করতে সাহায্য করে, ফলে ত্বক পরিষ্কার ও উজ্জ্বল দেখায়।
ভিটামিন ই ক্যাপসুল ঠিক কী ভাবে ব্যবহার করা উচিত? শিখে নিন ধাপে ধাপে—
১. সরাসরি ব্যবহার: ভিটামিন ই ক্যাপসুল সরাসরি ব্যবহার করতে পারেন। তার জন্য ১টি ক্যাপসুল ফুটো করে ভিতরের তেল বের করে মুখে লাগাতে পারেন। আলতো চাপে বৃত্তাকারে মাসাজ করুন মুখে, যাতে ত্বকে ভাল ভাবে শোষিত হয়।
২. লোশনের সঙ্গে ব্যবহার: ময়েশ্চারাইজ়ারের সঙ্গে মিশিয়েও ব্যবহার করেন কেউ কেউ। তেলটি বেশ ঘন হওয়ায় সরাসরি লাগালে ভারী লাগতে পারে। তাই নিজের ক্রিম বা লোশনের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে ভাল ভাবে ত্বকে মিশে যায়।
৩. নির্দিষ্ট জায়গায় ব্যবহার: সারা মুখে নয়, কেবল কালো দাগ, শুষ্ক অংশ বা চোখের নীচে আলাদা করে লাগানো যায় ভিটামিন ই ক্যাপসুল।