Naomi Osaka Outfit at Wimbledon

খাটো পোশাক নয়, সর্বাঙ্গ ঢাকা ‘কিল বিল’ সাজে টেনিস কোর্টে নেমে বাহবা কুড়োলেন নাওমি!

চারটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন নাওমি, সে কথা আলাদা। তাঁর ক্রমবর্দ্ধমান জনপ্রিয়তার একটি বড় কারণ তাঁর স্টাইল। টেনিস কোর্টে এমন এমন সব পোশাক পরে হাজির হন নাওমি যে, করতালির আওয়াজ একটু বেশিই শোনা যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ১৭:২৯
Share:

টেনিস কোর্টে জাপানি কেতা! ছবি: ইনস্টাগ্রাম।

ভাবুন তো দেশের মহিলা টেনিস তারকারা শাড়ি পরে টেনিস কোর্টে নামছেন। কোমরে আঁচল গুঁজে ব্যাট হাতে ওয়ার্ম আপ করছেন নেটের সামনে! ভারতের গ্র্যান্ড স্ল্যাম জয়ী টেনিস তারকা সানিয়া মির্জার সাজগোজ নিয়ে কম আলোচনা হয়নি। অথচ তাঁকেও তো শাড়ি কিংবা চুড়িদার পরে কোনও প্রতিযোগিতামূলক টেনিস খেলার মাঠে নামতে দেখা যায়নি। কিন্তু জাপানের কন্যা নাওমি ওসাকা নিজের দেশের পোশাক সংস্কৃতিকে টেনে আনলেন উইম্বলডনের সবুজ ঘাসের টেনিস কোর্টে। গ্র্যান্ডস্ল্যামের প্রথম ম্যাচে তিনি মাঠে ঢুকলেন একটি দুধ সাদা কিমোনোর মতো পোশাক পরে। মুহূর্তে গোটা স্টেডিয়ামের নজর একাই কেড়ে নিলেন তিনি। এমনকি, বিপক্ষের ভক্তেরাও চোখ ফেরাতে পারলেন না তাঁর থেকে।

Advertisement

টেনিস অনেকটা স্নায়ুরও খেলা। জাপানের তারকা টেনিস খেলোয়াড় নাওমি সেই খেলায় শুরুতেই ‘পয়েন্ট’ টানলেন নিজের দিকে।

চারটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন নাওমি, সে কথা আলাদা। তাঁর ক্রমবর্দ্ধমান জনপ্রিয়তার একটি বড় কারণ তাঁর স্টাইল। টেনিস কোর্টে এমন এমন সব পোশাক পরে হাজির হন নাওমি যে, করতালির আওয়াজ একটু বেশিই শোনা যায়। সোমবারও উইম্বলডনে ঠিক তেমনই মুহূর্ত তৈরি হল।

Advertisement

নাওমি পরেছিলেন জাপানের ‘সেরেমোনিয়াল ড্রেস’ অর্থাৎ আনুষ্ঠানিক পোশাক। উপরে কিমোনো স্টাইলের রোবের নীচে দেখা যাচ্ছিল পালকের মতো ফিনফিনে ঘের দেওয়া পোশাক। যার নাম শিরোমুকু। যা জাপানি মেয়েরা তাঁদের বিয়ের দিনে পরেন। এর সঙ্গে জাপানের ঐতিহ্যবাহী ওবি কোমরবন্ধ জড়িয়ে নিয়েছিলেন। মাথায় উঁচু খোঁপায় ফুলের গয়না, মণিবন্ধে মুক্তোর অলঙ্কার।

কিমোনোর দু’টি হাতের ডিটেলিং ডানার মতো। সব মিলিয়ে রাজহাঁসের মতোই দেখাচ্ছিল নাওমিকে। তবে মুগ্ধ দর্শকদের চমকানো তথনও বাকি ছিল। নাওমি নেটের সামনে এলেন, ব্যাট হাতে ওয়ার্মআপ করলেন, তার পরে খোলস ছাড়ার মতো টেনে খুলে ফেললেন উপরের পোশাক। দেখা গেল ভিতরে তিনি পরে রয়েছেন সাদা টপ আর মিনি স্কার্ট।

এর আগেও ফ্রেঞ্চ ওপেনে ঠিক এমনই পোশাদ বদলাতে দেখা গিয়েছিল নাওমিকে। এ বার উইম্বলডন। কিন্তু কেন? উইম্বলডনের প্রথম ম্যাচে জিতে নাওমি তার জবাব দিয়েছেন। তিনি জানিয়েছেন, তাঁর মাঠে সাধারণ খেলোয়াড়ের পোশাকে আসার বদলে একটি চরিত্র নিয়ে নামতে ভাল লাগে। যেন তিনি শুধু তিনি নন, কোনও ভিডিয়ো গেমের চরিত্র। উইম্বলডনের সেই চরিত্রের সঙ্গে অনেকেই মিল খুঁজে পেয়েছেন হলিউডের সিনেমা ‘কিল বিল’-এর। সেখানে অভিনেত্রী লুসি লিউ একটি সাদা কিমোনো পরে মার্শাল আর্ট করে দেখিয়েছিলেন। নাওমি বলেছেন, ‘‘আমার মনে হল কিমোনো পরে মাঠে নামলে ব্যাপারটা আরও জমবে।’’

এর আগে কালো গাউন পরে মাঠে ঢুকতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু উইম্বলডনে খেলোয়াড়দের সাদা পোশাক পরার কড়া নিয়ম। তাই সাদা পরেছেন। কিন্তু টেনিস কোর্টে দেশজ সংস্কৃতির পোশাক পরে এসে নাওমি বুঝিয়ে দিয়েছেন, ঐতিহ্যকে বিশ্বমঞ্চে পৌঁছে দিতে লজ্জা পাওয়ার কিছু নেই। সম্ভবত তাই নাওমিকে টেনিসের ‘স্টাইল-বিগ্রহ’ বলা হচ্ছে ইদানীং।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement