সাজগোজের দুনিয়ায় ‘জিম লিপ্স’ কেন জনপ্রিয় হচ্ছে? ছবি:সংগৃহীত।
কারিকুরি হবে নিখুঁত। এতটাই যে, আদতে কোনও কারিকুরি আছে, তা বোঝাই যাবে না। ঠোঁট দেখাবে ফোলা, হালকা গোলাপি। লেগে থাকবে ভিজে ভাব। ঘর্মাক্ত শরীর আর এমন ওষ্ঠাধর! রূপ দেখে ভেসে যাবেন অতি বড় সংযমীও।
সৌন্দর্য, রূপটান নিয়ে এমন ভাবেই ভেবেছিলেন নিউইয়র্কের রূপটান শিল্পী কেলি অ্যানে সিওয়েল। তাঁরই ভাবনা মুগ্ধ করেছে নতুন প্রজন্মকে। জন্ম নিয়েছে ‘জিম লিপ্স’।
সুন্দর ঠোঁট পাওয়ার জন্য জিম যাওয়া নয়, বরং জিমে শারীরচর্চার সময়ে ওষ্ঠ যাতে সুন্দর দেখায়, সেই জন্যই এমন ভাবনা। ‘জিম লিপ্স’ এমন রূপটানের কথা বলে, যেখানে ঠোঁট দেখাবে ঈষৎ পুরু। হালকা গোলাপি আভা থাকবে, যা দেখে মনে হবে যেন শারীরচর্চায় রক্ত সঞ্চালনের ফলেই এমন রং, আর থাকবে ভিজে ভাব। শারীরচর্চার সঙ্গে সামঞ্জস্য রেখেই এমন রূপটানের ভাবনা। আর সেই ভাবনাই সানন্দে গ্রহণ করেছে নতুন প্রজন্ম।
২০২২ সালে নিউ ইয়র্ক নিবাসী রূপটান শিল্পীর হাত ধরে এমন ওষ্ঠসজ্জার ভাবনা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। খুব সহজ অথচ আকর্ষণীয় ওষ্ঠাধরের এমন রূপটানের প্রেমে পড়ে যান অনেকেই। ধীরে ধীরে তা জনপ্রিয়তা অর্জন করে।
জিমের সঙ্গে যোগ কেন?
জিম করার সময় সাধারণত রূপটান বর্জন করতেই বলা হয়। কারণ, শরীরচর্চার উদ্দেশ্য ঘাম ঝরানো। ঘাম বেরোনোর সময়ে ত্বকের রন্ধ্রমুখ পুরু ফাউন্ডশনে ঢাকা থাকলে, অতিরিক্ত তৈলক্ষরণ হবে। ঘাম জমে উল্টে ত্বকেরই ক্ষতি হবে। কিন্তু ঠোঁটের এই সজ্জা, খুবই ন্যূনতম উপকরণে সম্ভব। অথচ তাতেই সৌন্দর্য বেড়ে যেতে পারে অনেক গুণ। সবচেয়ে বড় কথা, আলাদা ভাবে ঠোঁট যে রাঙানো হয়েছে, তা কেউ ধরতেই পারবেন না। বরং মনে হবে এমন সুন্দর ওষ্ঠ শারীরচর্চারই ফল। শারীরিক কসরতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাওয়ায় তা সম্ভব হয়েছে।
আলিয়া ভট্টের মতোই এই সাজগোজে ঠোঁটের রং দেখলে মনে হবে নিজস্ব।
জনপ্রিয়তার কারণ
যে সৌন্দর্য দেখলে মনে হয় স্বাভাবিক, সেই রূপই পছন্দ করছে নতুন প্রজন্ম। আর সে জন্যই ‘জিম লিপ্স’ নিয়ে এত মাতামাতি বলে মনে করা হচ্ছে। শুধু জিম নয়, এমন ওষ্ঠসজ্জা যাঁরা ন্যূনতম সাজগোজ পছন্দ করেন অথচ নিজেকে সুন্দর দেখাতে চান, তাঁদের জন্যই প্রযোজ্য। নামে জিম থাকলেও এমন ওষ্ঠসজ্জা যে কোনও অনুষ্ঠান, যে কোনও পোশাকের সঙ্গেই মানানসই হতে পারে।
ওষ্ঠসজ্জার কারিকুরি
মাত্র ২ মিনিটেই এমন ঠোঁট পাওয়া সম্ভব। এ জন্য প্রথমে ঠোঁটের বর্ণের কাছাকাছি রঙের লিপলাইনার প্রয়োজন। ঠোঁটের থেকে একটু বাড়িয়ে লিপ লাইনার দিয়ে আউটলাইন টানতে হবে, যাতে ঠোঁট খানিক চওড়া এবং ফোলা দেখায়। তার পরে ঠোঁটের রঙের সঙ্গে মানানসই লিপ জেল বা লিপ বাম ব্যবহার করুন। সেটি যেন আর্দ্র হয়। উপর থেকে লিপ গ্লসও ছুঁইয়ে দিতে পারেন। হালকা গোলাপি ঠোঁটে ফুটে উঠবে আবেদন।